পিছিয়ে গেল জজ মিয়ার মায়ের জেরা
অভিযুক্ত এক সিআইডি কর্মকর্তার আইনজীবীর সময়ের আবেদনে ২১ অগাস্ট গ্রেনেড মামলায় জজ মিয়ার মা জোবেদা খাতুনের জেরা মঙ্গলবারও শেষ করা যায়নি।
এর ফলে সাক্ষ্য দেয়ার জন্য হাজির থাকলেও জজ মিয়া এবং তার বোন খোরশোদার জবানবন্দি শুনতে পারেনি আদালত।
ঢাকার নাজিমউদ্দিন রোডে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ এজলাসে এই মামলার বিচার চলছে।
এ মামলার আসামি সিআইডি কর্মকর্তা মুন্সী আতিকুর রমানের আইনজীবী আবদুস সোবাহান তরফদার মঙ্গলবার জজ মিয়ার মা জোবেদা খাতুনকে জেরা করবেন বলে সময় ঠিক ছিল।
কিন্তু এক আত্মীয় মারা গেছেন জানিয়ে সোবাহান আদালতে না এসে সময়ের আবেদন করেন।
বিচারক শাহেদ নূর উদ্দিন তার আবেদন মঞ্জুর করে আগামী ২২ও ২৩ সেপ্টেম্বর জেরার পরবর্তী দিন রাখেন।
২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে সেই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে পরের বছর ৯ জুন নোয়াখালীর সেনবাগ উপজেলার বিরকোট গ্রাম থেকে জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ আদায়ের পর জজ মিয়াকে আসামি করেই ২০০৮ সালে চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তবে পরে অধিকতর তদন্তে দেখা যায়, ওই মামলাকে ‘ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য’ বিগত চারদলীয় জোট সরকারের নির্দেশে সিআইডি জজ মিয়াকে নিয়ে নাটক সাজানোর চেষ্টা করে।
সূত্রাপুর থানার একটি মামলায় সাত বছরের দণ্ডপ্রাপ্ত আসামি জজ মিয়াকে ‘রাজসাক্ষী করার আশ্বাস দিয়ে’ তার কাছ থেকে ‘মিথ্যা জবানবন্দি’ নেওয়া হয় এবং সিআইডির মাধ্যমে তার পরিবারকে ‘মাসিক খরচের টাকা’ও দেওয়া হতো।
পরে হাই কোর্ট জজ মিয়াকে ২১ অগাস্টের মামলা থেকে অব্যাহতি দিলে ২০০৯ সালে মুক্তি পান জজ মিয়া।
আদালতের নির্দেশে ২০১১ সালের ৩ জুলাই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে এ মামলায় সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।
তাতে জজ মিয়া ও তার মা-বোনকে সাক্ষী করা হয়।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শোভাযাত্রার আগে ওই গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয়েছিল বলে পরে তদন্তে বেরিয়ে আসে।
