তিস্তা চুক্তির সময়সীমা জানতে চাইবে ঢাকা
ঝুলে থাকা তিস্তা চুক্তি কবে নাগাদ হবে, সেই সময়সীমা সুনির্দিষ্ট করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে যাচ্ছে ঢাকার প্রতিনিধি দল।
সেই সঙ্গে সীমান্ত চুক্তি কার্যকরের ফয়সালার সুনির্দিষ্ট সময়সীমাও তুলে ধরা হবে আগামী ২০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে।
২০১১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই পক্ষের সম্মতিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা এই কমিশনের এটা তৃতীয় বৈঠক।
মনমোহন সিংয়ের ওই সফরের সময় তিস্তা চুক্তি সইয়ের সব প্রস্তুতি থাকলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা আটকে যায়।
এরপর থেকে তা ঝুলন্ত অবস্থায় আছে। স্থল সীমান্ত চুক্তি কার্যকরে ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন হলেও সেই উদ্যোগও সেদেশে বিরোধিতার মধ্যে আটকে রয়েছে।
কংগ্রেস সরকার দুটি বিষয়ে আশা দিয়ে এলেও এর মধ্যেই গত জুন মাসে ভারতে তাদের হটিয়ে ক্ষমতায় বসেছে বিজেপি সরকার।
নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গঠনের পর এটাই যৌথপরামর্শক কমিশনের প্রথম বৈঠক।
এই বৈঠকের মাধ্যমে দুই দেশের সম্পর্ক একটি ‘নতুন উচ্চতায়’ পৌঁছাবে বলে মনে করছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। দায়িত্ব নেয়ার পর আবুল হাসান মাহমুদ আলীর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হবে প্রথম ভারত সফর।
বৈঠকে নিরাপত্তা, বাণিজ্য, যোগাযোগ, জ্বালানি, পানিসম্পদ, সীমান্ত ব্যবস্থাপনা, অবকাঠামো খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার পাশাপাশি ভারত-বাংলাদেশের মানুষের মধ্যে সম্পর্কোন্নয়ন, সংস্কৃতি, পরিবেশ এবং শিক্ষা নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতের কাছে বৈঠকে নিরাপত্তার বিষয়টি সবচেয়ে প্রাধান্য পাবে। এর বিপরীতে বাংলাদেশ দুটি নির্দিষ্ট প্রস্তাব- নদী অববাহিকা ব্যবস্থাপনা এবং বঙ্গোপসাগরে সম্পদ আহরণের ব্যাপারে সহযোগিতার বিষয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করবে।
তিনি বলেন, “কিন্তু আমরা ভারতের সঙ্গে দীর্ঘদিন ঝুলে থাকা কিছু ইস্যু (তিস্তার পানি বণ্টন এবং স্থল সীমান্ত চুক্তি) বাস্তবায়নের ব্যাপারে নির্দিষ্ট সময়সীমা সম্পর্কে জানতে চাইব।”
‘আস্থাহীনতা নেই’
যৌথ পরামর্শক কমিশনের সূচনালগ্ন থেকে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ভারতের নতুন সরকার নিয়ে বাংলাদেশের মনোভাব অত্যন্ত ‘ইতিবাচক’।
“নানা ধরনের জল্পনা-কল্পনা ছিল (ভারতে মোদি সরকার ক্ষমতায় আসার আগে)। কিন্তু সুষমা স্বরাজের ঢাকা সফরের পর এটি স্পষ্ট হয়েছে, যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে নিতে চায় ভারত।”
বিশেষ করে তিনি সুষমা স্বরাজের মাধ্যমে শেখ হাসিনার কাছে ভারতের প্রধানমন্ত্রী মোদির পাঠানো চিঠির প্রসঙ্গ উল্লেখ করেন।
জুন মাসে সুষমার বাংলাদেশ সফরের সময় মোদির ওই চিঠি নিয়ে জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, “চিঠিটি অত্যন্ত আন্তরিক ছিল। আপনি যদি চিঠিটা পড়েন, তাহলে বুঝতে পারবেন এটি অত্যন্ত পরিকল্পিতভাবে লেখা। আর এতে মোদির দৃষ্টিভঙ্গীও ফুটে উঠেছে।
“তিনি আন্তরিকভাবে লিখেছেন, ‘আমরা এই সম্পর্ককে (ভারত-বাংলাদেশ) আরো উচ্চতর জায়গায় নিয়ে যেতে চাই’।”
যৌথ পরামর্শক কমিশনের বৈঠকে ভারত সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের পাশাপাশি কয়েকজন সচিবকেও সফরের আমন্ত্রণ জানিয়েছে।
এই কূটনীতিক বলেন, “সরকারি কর্মকর্তাদের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার এটি একটি ভালো আইডিয়া।”
ভারত ও বাংলাদেশের বেশকিছু অমীমাংসিত ইস্যু থাকলেও দুদেশের মধ্যকার সম্পর্কে ‘কোনো ধরনের আস্থাহীনতা’ তৈরি হয়নি বলে মনে করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তারাও।
জ্যেষ্ঠ আরেক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এমন কি আন্তর্জাতিক ক্ষেত্রেও আমরা এই মুহূর্তে ভারতের সঙ্গে চমৎকার জোটবদ্ধভাবে কাজ করছি, যা অতীতে কখনও হয়নি।”
২০১০ এবং ২০১১ সালে দুই প্রতিবেশী দেশের মধ্যে এই সুসম্পর্কের শুরু উল্লেখ করে তিনি বলেন, “ওই দুই বছরকে ভারত ও বাংলাদেশের ‘শীতল সম্পর্ক’ অবসানের বছর হিসেবে দেখা যেতে পারে। আর এখন তো ভারতের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলেছেনই, সুসম্পর্কের চূড়ান্তসীমায় দুই দেশের অবস্থান তারা দেখতে চান।
“আমরা আমাদের পারষ্পরিক ‘আস্থাহীনতার’ যুগ বছর দুই-তিনেক আগেই পেরিয়ে এসেছি।”
পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, ভারতের নতুন প্রধানমন্ত্রী দীর্ঘমেয়াদি জমিয়ে রাখা বিষয়গুলো সমাধানে শিগগিরই ঢাকা আসবেন।
ভারতের সঙ্গে বাংলাদেশের এখনকার সম্পর্কের বিষয়ে বলতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা দুই দেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ নিষ্পত্তির পর একটি ঘটনাকে উদাহরণ হিসেবে টানেন।
তিনি বলেন, “দুই দেশের মধ্যে সমুদ্রসীমা নিয়ে বিরোধ ছিল। বিশেষত আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সমুদ্রসীমা নিয়ে তার দাবি প্রতিষ্ঠিত করতে ভারতের বিরুদ্ধে অভিযোগও করেছিল।
“এ কারণে গত ১ ও ২ সেপ্টেম্বর যখন ‘ব্লু ইকোনোমি’ নিয়ে সম্মেলন হলো তখন আমরা ভারতীয় প্রতিনিধি দলের যোগদানের বিষয়ে সন্দিহান ছিলাম।”
“কিন্তু তারা সম্মেলনে একটি শক্তিশালী প্রতিনিধি দল পাঠিয়েছিল। এছাড়া তারা অভিবাসন সংক্রান্ত সম্মেলনেও প্রতিনিধি দল পাঠিয়েছিল, যা তাদের দেশে (ভারতে) খুবই সমালোচিত একটি বিষয়।”
‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ পরবর্তী লক্ষ্যগুলোর মধ্যে পানি ব্যবস্থাপনাকে রাখার বিষয়ে ঢাকার দেয়া প্রস্তাবেও ভারতের সমর্থন, আন্তঃসম্পর্ক ‘অত্যন্ত আস্থাশীল’ থাকার লক্ষণ বলে মন্তব্য করেন এই কর্মকর্তা।
২০ তারিখ থেকে শুরু হওয়া কমিশন সভায় দিল্লি ‘যৌথ নদী কমিশনে’র বৈঠকের বিষয়ে একটি ইস্যু রাখা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, যৌথ পরামর্শক কমিশন সভার পরপরই ওই বৈঠকটি হতে পারে।
