২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্ত-তিস্তায় আশা দেখালেন সুষমা

আটকে থাকা তিস্তার পানি বণ্টন এবং স্থল সীমান্ত চুক্তির সুরাহা বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের আগামী বৈঠকেই হবে বলে আশা করছেন সুষমা স্বরাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

নয়া দিল্লি প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2014, 12:21 AM

Updated : 22 Aug 2022, 07:04 PM

আগামী ২০ সেপ্টেম্বর নয়া দিল্লিতে পরামর্শক কমিশনের বৈঠক হবে। তার ১২ দিন আগে সোমবার এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ প্রকাশ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

সুষমা স্বরাজ বলেন, স্থল সীমান্ত চুক্তি কার্যকরে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠায় আলোচনা চলছে। সেই সঙ্গে তিস্তা চুক্তির জন্য রাজনৈতিক মতৈক্য সৃষ্টির প্রয়াসও চলছে।

ভারতে নরেন্দ্র মোদির নতুন সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেয়ার পর কয়েক মাস আগে বাংলাদেশ সফরে এসেও ঢাকার প্রত্যাশিত এই দুটি বিষয় দ্রুত চূড়ান্ত করার আশা দিয়ে গিয়েছিলেন।

ভারতে বিগত কংগ্রেস সরকারের সময় স্থল সীমান্ত চুক্তি কার্যকর এবং তিস্তা চুক্তি স্বাক্ষরের বিষয়ে বেশ অগ্রগতি হয়েছিল।    

২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে তিস্তা চুক্তি সইয়ের কথা থাকলেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার কারণে শেষ মুহূর্তে তা বাতিল হয়ে যায়।

শুরু থেকেই মমতা অভিযোগ করে আসছেন, তার সরকারকে না জানিয়েই বাংলাদেশকে পানি দেয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার।

এরপর মমতাকে রাজি করাতে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও তাতে সফল হওয়ার আগেই কংগ্রেস সরকার বিদায় নেয়।

বাংলাদেশের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি কার্যকরের জন্য ভারতের সংবিধান সংশোধনের প্রয়োজন। এই প্রস্তাব পার্লামেন্টের উচ্চ কক্ষ রাজ্যসভায় তৎকালীন কংগ্রেস সরকার তুললেও তার বিরোধিতা আসে।

আসামের রাজনৈতিক দলের পাশাপাশি বিজেপিরও এই বিষয়ে আপত্তি ছিল, তবে পরে বিজেপির সুর নরম হয়েছে।

স্থল সীমান্ত চুক্তি কার্যকর হলে ছিটমহলসহ বাংলাদেশ-ভারত সীমান্তের ৪ হাজার কিলোমিটার এলাকা নিয়ে বিরোধের অবসান ঘটবে।

বাংলাদেশে বন্দি উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতে ফেরতের প্রক্রিয়া চলছে বলে জানান সুষমা।

আসামের বিদ্রোহী নেতা অনুপ চেটিয়া দেড় যুগ ধরে বাংলাদেশে বন্দি। তাকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার কথা বাংলাদেশের পক্ষ থেকেও বলা হচ্ছে।

পুরনো খবর:

তিস্তা চুক্তি দ্রুত করুন: প্রধানমন্ত্রী
সীমান্ত-তিস্তায় ‘উদ্যোগী’ ভারত চায় করিডোর