২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি কোম্পানিকে রুখে দিতে আহ্বান তেল-গ্যাস রক্ষা কমিটির

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান এবং কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বিদেশি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি জনস্বার্থবিরোধী বলে দাবি করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 11:18 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সংগঠনটির এক বিক্ষোভ সমাবেশ থেকে এসব চুক্তি রুখে দিতে জনগণের প্রতি আহ্বানও জানানো হয়।

তেল-গ্যাস রক্ষা কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, “তারা (সরকার) জনগণের স্বার্থের বিরুদ্ধে চুক্তি করছে, দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। দলমত নির্বিশেষে আমরা সবাইকে আহ্বান জানাই... এদের প্রতিরোধ করতে হবে।”

এ লক্ষ্যে দেশজুড়ে কর্মসূচি দেওয়া হচ্ছে বলেও জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক।

গভীর ও অগভীর সমুদ্রের কয়েকটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের জন্য যুক্তরাষ্ট্র, ভারত এবং অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরভিত্তিক তিনটি কোম্পানির সঙ্গে ইতোমধ্যে চুক্তি করেছে সরকার।

এছাড়া জাপানের অর্থায়নে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকায় সমুদ্রতীরে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হতে যাচ্ছে।

এসব প্রকল্পের বিরোধিতা করে আনু মুহাম্মদ বলেন, সরকার ‘আকর্ষণীয় প্যাকেজ’ দিয়ে ভারত, যুক্তরাষ্ট্র, চীন, জাপানের কোম্পানিগুলোর কাছে বঙ্গোপসাগরকে ‘ভাগ’ করে দিতে চাচ্ছে।

সেই সঙ্গে সুন্দরবন সংলগ্ন রামপালে ভারতের সহযোগিতায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারকে আহ্বান জানিয়েছে তেল-গ্যাস রক্ষা কমিটি।

সেইসঙ্গে ফুলবাড়ীতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের সিদ্ধান্ত না নিতেও সরকারকে আহ্বান জানিয়েছে নাগরিক সংগঠনটি।  

আনু মুহাম্মদ বলেন, “বঙ্গোপসাগরের সম্পদ নিয়ে সঠিক পরিকল্পনা করলে রামপাল বিদ্যুৎকেন্দ্র করতে হবে না এবং পরিবেশ দূষণ করে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলারও প্রয়োজন হবে না।”

সমাবেশে তেল-গ্যাস রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহসহ বামপন্থী বিভিন্ন দলের নেতারা বক্তব্য রাখেন।