২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগে সড়ক নির্মাণ বন্ধ

সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় একটি সড়ক নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা চেয়ারম্যান।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 08:19 PM

Updated : 13 Oct 2022, 12:34 PM

শনিবার দুপুরে সিরাজগঞ্জ- সয়দাবাদ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে ২০ কিলোমিটার দৈর্ঘের বাইলেন সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেন বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরু থেকেই ঠিকাদারি কাজে গড়িমসি, তদারকিতে গাফিলতি ও নিম্ন মানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিষয়ে অভিযোগে পত্রিকায় প্রতিবেদন প্রকাশ হয়। তারপরও নিম্ন মানের খোয়া ও কম পুরু আয়তনের বিটুমিন ব্যবহার করছে ঠিকাদাররা।

“এ অবস্থায় শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়ায় নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছি।”

তিনি জানান,  ২০০৯ সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ঢাকার ন্যাশনাল সিভিল ইঞ্জিনিয়ারিং লিঃ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ২৫ কোটি টাকায় নির্মাণ কাজ সম্পাদনে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী প্রকল্পের নির্ধারিত মেয়াদ দুবছর পেরিয়ে গেলেও এখনো অর্ধেক কাজ শেষ হয়নি।

সড়কটির নির্মাণকাজে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী ইকবাল হোসেন নিজের অসহায়ত্ব প্রকাশ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সত্যি কথা কি, কোনোভাবেই এ ঠিকাদারের সঙ্গে পারছি না।”

তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্পের সাইট ম্যানেজার ইউসুফ ইফদার সুজন দোষ চাপিয়েছেন সাব-কন্ট্রাক্টরের ঘাড়ে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় সাব-ঠিকাদার সাইটে এক ট্রাক খারাপ খোয়া দিয়েছে।”