২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাশুড়িকে কোপানোর অভিযোগে জামাতা আটক

দাম্পত্য কলহের জের ধরে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাঁও এলাকায় শাশুড়িকে কুপিয়ে আহত করার অভিযোগে আটক হয়েছে জামাতা।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2014, 07:28 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শুক্রবার জুমার নামাজের পরে চান্দগাঁও থানার কালা মিয়া সওদাগর বাড়িতে এঘটনা ঘটে। আহত রত্না বেগম (৫০) ওই বাড়িরই আবুল বশরের স্ত্রী।

এর পরপরই স্থানীয়রা জামাতা রিপনকে (২৮) আটক করে পুলিশে দেয়। 

আহতের প্রতিবেশী মো. সাঈম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচ বছর আগে রত্নার মেয়ে রোকেয়ার সাথে প্রেম করে বিয়ের পর তাকে নিয়ে রাজশাহীতে বসবাস শুরু করে রিপন।

“তিন বছর পর রোকেয়ার পরিবার বিয়ে মেনে নিয়ে তাদেরকে চট্টগ্রামে নিয়ে আসে এবং রিপনকে একটি দোকান করে দেয়। কিন্তু কিছুদিন পরে সে তা বিক্রি করে দেয়।’’

চাঁন্দগাও থানার এসআই গোলাম নেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দোকান বিক্রি এবং এক মাস আগে তাদের এক শিশু সন্তান মারা যাওয়ায় পর রোকেয়ার সঙ্গে প্রায়ই ঝগড়া হত রিপনের ।

“এজন্য কিছুদিন আগে শ্বশুড় বাড়ি থেকে তাকে বের করে দেয়া হয়। দুপুরে রিপন ওই বাসায় ফিরে গিয়ে রোকেয়ার সঙ্গে তার কলেজে পড়া নিয়ে বিবাদে জড়ায়।

“এসময় শাশুড়ি রত্না বাধা দিলে তাকে কুপিয়ে আহত করে রিপন।”