ডাকাতির প্রস্তুতিকালে ৩ সঙ্গীসহ কনস্টেবল আটক
বঙ্গবন্ধু সেতু এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে সাময়িক বরখাস্ত হওয়া এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে আটক করেছে পুলিশ।
এ সময় তিন সেট ডিবির পোশাক, একটি ওয়াকিটকি, এক জোড়া হাতকড়া, দুটি ধারালো চাপাতি ও আট হাজার জাল টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস।
আটকদের মধ্যে কিবরিয়া খান (৪০) ঢাকা মেট্রোপলিটান পুলিশে কনস্টেবল হিসাবে কর্মরত অবস্থায় একই ধরনের অভিযোগে সাময়িক বরখাস্ত হন।
তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের চান খানের ছেলে।
আটক অন্যরা হলেন- বরগুনার আমতলি উপজেলার লাল মিঞার ছেলে শাহজাহান হাওলাদার ওরফে বাচ্চু শিকদার (৪০), বেতাগী উপজেলার মৃত লতিফ মাহমুদের ছেলে জয় মাহমুদ (৩২) এবং বরিশাল সদর উপজেলার সোবহান খানের ছেলে ইউনুস খান (৫০)।
তাদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মাফিজ।
এ সময় সেতুর পূর্বপাড় থানা পুলিশ ও স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। তবে পালিয়ে যায় মাইক্রোবাসে থাকা আরো তিনজন।
মাফিজ জানান, আটকদের মধ্যে কিবরিয়া খান ডিএমপিতে কনস্টেবল হিসাবে কর্মরত অবস্থায় একই ধরনের অভিযোগে বছর খানেক আগে সাময়িক বরখাস্ত হয়েছেন। জিজ্ঞাসাবাদে তারা এর আগেও টাঙ্গাইলে কয়েকটি ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
