ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় মোটরসাইকেলে ইয়াবা রাখার অভিযোগে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলেসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অবশ্য পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ষড়যন্ত্র করে তাদের ফাঁসিয়ে দেওয়া হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা সালাউদ্দিন সরকারের ছেলে রাজীব হাসান (২৩) এবং একই এলাকার শরীফ মিয়ার ছেলে আল হাসান শুভ (২৫)।
শ্রীপুর থানার এএসআই আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুরের রাজেন্দ্রপুর এলাকা থেকে ৩০টি ইয়াবাসহ এই দুই জনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের ব্যবহার করা মোটরসাইকেলও জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
পরে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজীব ও শুভকে আটকের পর রাতেই তাদের বিরুদ্ধে শ্রীপুর মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়।
তবে রাজীবের বাবা সালাউদ্দিন সরকার দাবি করেছেন, তার ছেলে ষড়যন্ত্রের শিকার। তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী মো. কামালের ভাতিজা ও রাজীবের বন্ধু অপুর পরিকল্পনায় ‘সাজানো ঘটনা’র মাধ্যমে তার ছেলেকে ধরা হয়েছে।
তিনি বলেন, “প্রয়োজনের কথা বলে রাজীবের মোটরসাইকেলটি কিছু সময়ের জন্য বাইরে নিয়ে যায় অপু। পরে সেটি পুলিশের কাছে জমা দিয়ে রাজীবকে ঘটনাস্থলে গিয়ে দেখা করতে বলে। এ সময় রাজীব তার প্রতিবেশী শুভকে নিয়ে সেখানে গেলে পুলিশ তাদের আটক করে এবং মোটরসাইকেলের হেডলাইটের পাশে থাকা একটি সিগারেটের প্যাকেট থেকে ৩০টি ইয়াবা উদ্ধারের কথা জানায়।”
