২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে শিক্ষক বাসে বোমা হামলার প্রতিবাদ ঢাবিতে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকদের বাসে হামলাকারী ইসলামী ছাত্র শিবির কর্মীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 07:40 PM

Updated : 22 Aug 2022, 07:05 PM

বৃহস্পতিবার ক্যাম্পাসের অপরাজেয় বাংলার পাদদেশে এই বিক্ষোভ সমাবেশে ছাত্র ইউনিয়ন, সামজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী ও ছাত্র ফেডারেশনের নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে ছাত্রফ্রন্টের একাংশের সভাপতি জনার্দন দত্ত নান্টু বলেন, অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো মতো চবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো নিয়ন্ত্রণ নেই। রাজনৈতিক দখলদারিত্বের কারণেই সেখানে শিবিরের সন্ত্রাসীরা এই ধরনের বোমা হামলা করেছে।

ছাত্র ফেডারেশনের সভাপতি প্রবীর সাহা বলেন, “মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার রায় বাংলার জনগণ অনেক আগেই দিয়েছে। কিন্তু সরকারের আপসকামি মনোভাবের কারণেই এখনো জামাত-শিবির সক্রিয়ভাবে রাজনীতি করতে পারছে।”

ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রীর যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, ছাত্রফ্রন্টের ঢাবি শাখার সভাপতি রাশেদ শাহরিয়ার প্রমুখ।