২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিকে নতুন চেয়ারম্যান

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব আহমেদ হোসেন খানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 01:21 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

এছাড়া দুই অতিরিক্ত সচিব এবং ১০ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করা হয়েছে।

বুধবার জারি করা এসব আদেশ বৃহস্পতিবার প্রকাশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিসিক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া আহমেদ হোসেন খান এর আগে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। গত ৩ সেপ্টেম্বর তাকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

আলাদা আদেশে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব গাজী মোহাম্মদ নূরুল কবিরকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। তার জায়গায় দায়িত্ব পেয়েছেন ওএসডি অতিরিক্ত সচিব মো. আব্দুল কুদ্দুস।

পৃথক আদেশে অর্থ বিভাগে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব মো. ফারুক হোসেনকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সিপিটিইউর মহাপরিচালক এবং ওএসডি যুগ্ম-সচিব মো. হাবিবুর রহমানকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান করা হয়েছে।

ওএসডি যুগ্ম-সচিব জিয়া হাসান ইবনে আহমেদকে বিআইডব্লিউটিসির সদস্য (প্রকৌশল) ও ওএসডি যুগ্ম-সচিব ফকির ফিরোজ আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মো. আকতার হোসেনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং ট্রেড পলিসি সাপোর্ট প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. ফজলুল হককে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে।

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সচিব মো. আব্দুর রৌফকে কৃষি মন্ত্রণালয়ে বদলি এবং বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ের উপ-পরিচালক মো. আবু ইউসুফকে ওএসডি করা হয়েছে।

এছাড়া ওএসডি যুগ্ম-সচিব মো. ফজলুর রহমানকে খাদ্য মন্ত্রণালয়ে এবং ময়মনসিংহের জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা মো. সাইদুর রহমান খানকে ওএসডি করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।