২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চবির বাসে বোমা: শিবিরকর্মীদের বিরুদ্ধে ২ মামলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে বোমা হামলা এবং ক্যাম্পাসে ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ অন্তত ৯৫ জনকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2014, 10:22 AM

Updated : 13 Oct 2022, 12:34 PM

পুরনো খবর:

চবি শিক্ষক বাসে শিবিরের বোমা, আহত ১৪

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ বুধবার গভীর রাতে হাটহাজারী থানায় মামলা দুটি করেন।

হাটহাজারী থানার ওসি মো. ইসমাইল জানান, পুলিশের পক্ষে এসআই মনজুর আহমেদ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে যে মামলাটি করেছেন তাতে ৭৫ শিবিরকর্মীকে আসামি করা হয়েছে।

এর মধ্যে ২৫ জনের নাম উল্লেখ করে বাকি ৫০ জনকে দেখানো হয়েছে অজ্ঞাতপরিচয় আসামি হিসাবে।

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর মুহাম্মদ সিদ্দীকুল্লাহ (৬০), তার ছেলে বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আশিক উল্লাহ (২৮) এবং সাবেক সাধারণ সম্পাদক রাজীবুল ইসলাম বাপ্পীর (২৫) নামও রয়েছে আসামির তালিকায়।

অন্য আসামিরা হলেন- মোজাহেদ উল্লাহ (২৬), জাহেদ উল্লাহ (২৩), আব্দুল হাকিম (২৩), মনছুর আলম (২১), ফরহাদ হোসেন (২১), কামরুজ্জামান (২৩), জিএম সাইফূল ইসলাম (২২), আল আমীন (২৫), মোক্তার আহামেদ (২৩), আনোয়ার হোসেন(২৪), তৌহিদুল ইসলাম (২৫), মিজানুল ইসলাম মিজান, আব্দুল্লাহ আল মামুন, মো. রাকিব, মো. শাহরিয়ার (২০) তারেক (২১), সাইফুল ইসলাম (২০), মো. জুয়েল (২৩), আকবর (২২), ইকবাল (২২), কামরুল ইসলাম।

মামলার বাদী এসআই মনজুর বলেন, “আসামিরা সবাই শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের উপ-পরিচালক রবিউল আলম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ২০ জনের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের দুটি হল খুলে দেয়ার দাবিতে ছাত্র ধর্মঘটের মধ্যে বুধবার সকালে হাটহাজারি সড়কের ছড়ারকুল এলাকায় শিক্ষকদের দুটি বাসে হাতবোমা ছোড়ে শিবিরকর্মীরা। 

ঘটনার পরপরই হামলায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে বিকাল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছাত্রদের বেশ কয়েকটি মেসে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আরো ২০ শিবিরকর্মীকে।

ওই অভিযানে হাতবোমা, রামদা, কিরিচসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার হয় বলে পুলিশ জানায়।

হাটহাজারী সার্কেলের এএসপি আ ফ ম নিজামউদ্দিন বলেন, “সকালে আটক পাঁচজনের মধ্যে দুজন হামলায় জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”

বোমা হামলায় আহত ১৪ জনের মধ্যে নয়জনকে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরা হলেন- প্রাণ রসায়ন বিভাগের প্রভাষক সোনাম আক্তার ও সুনন্দা বৈদ্য, ফলিত পদার্থ বিদ্যা বিভাগের প্রভাষক সাবরিনা আলম, সমাজতত্ত্ব বিভাগের প্রভাষক ফাতেমা-তুজ-জোহরা, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শিরিন আরা চৌধুরী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দা হালিমা বেগম, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক রওশন আরা আফরোজ, নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যপাক মো. আশরাফুজ্জামান ও অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী অমৃতা নাগ।