২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরোজা বেগমের বাসায় খালেদা

প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের বাসায় গিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি সান্তনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 11:36 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

বুধবার রাত ৮টার দিকে ফিরোজা বেগমের ইন্দিরা রোড়ের কালিন্দি অ্যাপার্টমেন্টের বাসায় গিয়ে প্রয়াত শিল্পীর ভাই অবসরপ্রাপ্ত সচিব আসাফুদ্দৌলার সঙ্গে কথা বলেন তিনি। এসময় ফিরোজা বেগমের দুই ছেলে হামিন আহমেদ ও  শাফিন আহমেদসহ অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্তনা দেন খালেদা।

প্রায় ঘন্টা খানেক প্রয়াত শিল্পীর বাসায় অবস্থান করে বরেণ্য ও গুণী এই প্রয়াত নজরুল সঙ্গীত শিল্পীর কর্মময় জীবনের নানা স্মৃতি পরিবারের সদস্যদের সঙ্গে বিনিময় করেন।

এসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানকে ব্যাপক প্রচার ও প্রসারে ফিরোজা বেগমের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন অবদানের কথা সাবেক প্রধানমন্ত্রী।

তিনি শিল্পী পরিবারের সদস্যদের খোঁজ-খবর নেন এবং সব সময় তাদের পাশে থাকার কথাও জানান।

এসময়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ওসমান ফারুক, কেন্দ্রীয় নেতা গাজী মাজহারুল আনোয়ার, হাবিব উন নবী খান সোহেল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, শিরিন সুলতানা, শাম্মী আখতার, চিত্র নায়ক আশরাফউদ্দিন উজ্জল, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা জাসাসের সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে সাবেক শিক্ষা মন্ত্রী ওসমান ফারুক সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “জাতীয় কবি নজরুলের গানে পাখি কালজয়ী শিল্পী ফিরোজা বেগমের মৃত্যুর পর তাকে যথাযথ সন্মান জানাতে সরকার যে উদাসীনতা পরিচয় দিয়েছে, তা দুঃখজনক। তাকে রাষ্ট্রীয়ভাবে সন্মান জানানো উচিৎ ছিলো।  এটা সরকার করেনি।”

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে অ্যাপেলো হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৮৪ বছর বয়সী শিল্পী ফিরোজা বেগমের।

সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা জানানোর পর বুধবার সন্ধ্যায় বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই গানের পাখিকে।