২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেইসবুকে ‘জড়ো হচ্ছেন’ সচিবরা

ফেইসবুকের একটি গ্রুপে প্রশাসনিক বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন সচিবরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 09:19 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞার সভাপতিত্বে সচিব সভায় এই সিদ্ধান্ত হওয়ার কথা জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ইশতিয়াক আহমেদ।

সভা শেষে এক সংবাদ সম্মেলনে ফেইসবুকে একটি গ্রুপ খোলার কথা জানিয়ে তিনি বলেন, নিজেদের মধ্যে ফেইসবুক গ্রুপে প্রশাসনিক বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করার বিষয়ে সচিবরা একমত হয়েছেন।

“ফেইসবুক গ্রুপে আগেই আলোচনা হলে আলোচনার বিষয়বস্তু তারা একে অপরকে জানাতে পারবেন। এক্ষেত্রে মিটিংয়ে তেমন আলোচনার দরকার হবে না।”

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও প্রশাসনের সব কর্মকর্তাকে ফেইসবুকে যুক্ত হয়ে নিজেদের মধ্যে প্রশাসনসংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদানের নির্দেশ দেয়া হয়েছিল।

অতিরিক্ত সচিব ইশতিয়াক জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সার-সংক্ষেপ স্বয়ংসম্পূর্ণ ও নির্ভুলভাবে মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপনের বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলা হয় সচিব সভায়।

“বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর তাগিদ দেয়া হয়েছে, যাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মনিটরিংয়ে সুবিধা হয়।”

আইন করার জন্য সচিবদের আগাম পরিকল্পনা করতে বলা হয়েছে জানিয়ে ইশতিয়াক বলেন, সচিবরা অগ্রগতি বিবেচনা করে আইন করার জন্য ‘ক্যালেন্ডার’ তৈরি করবেন।

“অনেক সময় দেখা যায়, সংসদ শুরু হলে বিভিন্ন মন্ত্রণালয় এক সঙ্গে আইন করতে চায়। এক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগের ওপর চাপ পড়ে যায়।”

প্রধানমন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ দেয়া হয়েছে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিচ্ছেন। এসব নির্দেশনা যথাযথ বাস্তবায়নের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে।

সভায় সব সচিবকে নিজ নিজ মন্ত্রণালয় ও বিভাগের প্রকল্পগুলোর তদারকি ও মূল্যায়ন (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) কার্যক্রম জোরদার করতেও তাগিদ দেয়া হয়েছে বলে ইশতিয়াক জানান।

তিনি জানান, সভায় উপস্থিত ৬০ জন সচিবের মধ্যে ১৬ জন বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন।