টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে প্রায় ১৮ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেপ্তার করেছে বিজিবি।
বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, বুধবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার আবদুল আমিনের স্ত্রী আজিজা খাতুন (২০), মীর কাসেমের স্ত্রী ফাতেমা বেগম (১৮), মৃত হাফেজ আহমেদের ছেলে রফিক আহমেদ (৩০) ও প্যান্ডল পাড়ার মৃত আবদুল মোনাফের ছেলে ওয়াজ করিম (৩৫)।
আবুজার আল জাহিদ বলেন, গোপনে খবর পেয়ে নাজিরপাড়া বিওপির সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে একটি বিজিবির টহল দল ওই এলাকার আব্দুল আমিনের বাড়িতে অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে ১৭ হাজার ৯৪৮ ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানের সময় ইয়াবা চোরাকারবারী আবদুল আমিন বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
