২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যে ভেজাল রোধে দেশজুড়ে অভিযান

খাদ্যে রাসায়নিক মেশানো ও ভেজাল রোধে রাজধানীসহ সব মহানগর, জেলা ও উপজেলা উপর্যায়ে ব্যাপক অভিযান শুরু করতে পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কামাল তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 01:13 AM

Updated : 22 Aug 2022, 07:05 PM

সোমবার পরিপত্রটি জারি হলেও মঙ্গলবার থেকে তা জেলা ও উপজেলা পর্যায়ে পাঠানো শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ২ শাখার উপ-সচিব মো. হাবিবুর রহমান।

পরিপত্রে বলা হয়েছে, “গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির তৃতীয় সভায় ফলমূল ও খাদ্যদ্রব্যে ফরমালিন ও বিভিন্ন বিষাক্ত রাসায়নিক এবং ভেজাল মিশ্রণকারীদের বিরুদ্ধে নিবিড় ও ব্যাপকভিত্তিক কার‌্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উক্ত নির্দেশনার পরিপ্রেক্ষিতে সোমবার পরিপত্র জারি করা হয়।”

‘খাদ্যে রাসায়নিক দ্রব্য ও ভেজাল মিশ্রণ নিরোধ অভিযান’ নামে এ অভিযান মনিটর এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করা হবে বলে পরিপত্রে বলা হয়।

এসব কমিটিতে কমিটিতে স্থানীয় সংসদ সদস্য, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলার চেয়ারম্যান, পুলিশ সুপার, সিভিল সার্জন ছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, পানিসম্পদ কর্মকর্তা, মৎস কর্মকর্তা, স্থানীয় সরকারি কলেজের অধ্যক্ষ, উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা তথ্য অফিসার, পৌর মেয়র, র‌্যাব, এনএসআই, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় প্রেসক্লাবের সভাপতিসহ স্থানীয় গণমান্য ব্যক্তিরা থাকবেন।

জেলা পর্যায়ের কমিটিতে সংসদ সদস্য উপদেষ্টা আর জেলা ম্যাজিস্ট্রেট সভাপতির দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায়ের কমিটিতে সংসদ সদস্য মুখ্য উপদেষ্টা, উপজেলার চেয়ারম্যান ‍উপদেষ্টা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতির দায়িত্ব পালন করবেন। আর মহানগর এলাকার কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করবেন মহানগর পুলিশ কমিশনার।    

জেলা পর্যায়ের কমিটি মাসে একবার, উপজেলা ও মেট্রোপলিটন পর্যায়ের কমিটি মাসে দুই বার সভা করবে।তবে প্রয়োজনে সভার সংখ্যা বাড়তেও পারে। এছাড়া প্রতিটি কমিটি প্রয়োজনবোধে এক বা একাধিক ব্যক্তিকে কমিটিতে সংযুক্ত করতে পারবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অনুবিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি কমিটি সারাদেশে মাঠ পর‌্যায়ের অভিযান কার্যক্রম নিয়মিতভাবে তত্ত্বাবধান ও সমন্বয় করবে।

এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থা খাদ্যদ্রব্য ও ফলমূলে ফরমালিনসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ ও ভেজাল মিশ্রণের বিষয়ে নেয়া আইনগত পদক্ষেপ সম্পর্কে এ সংক্রান্ত সব কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে পারবে।

পরিপত্রে বলা হয়, “যেসব জেলা ম্যাজিস্ট্রেট নিজ অধিক্ষেত্রের এলাকায় এ বিষয়ের যথাযথ কার‌্যক্রম গ্রহণে ব্যর্থ হবেন তাদের বিষয়টি অসমর্থতা হিসেবে গণ্য করার জন্য মন্ত্রীপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হবে।”

স্বাস্থ্য বিভাগের জন্য আমদানি করা ফরমালিন কোন তারিখে, কোথায়, কতটুকু ব্যবহার হলো তার সুনির্দিষ্ট তথ্য হাসপাতালগুলোর রেজিস্ট্রারে লিপিবদ্ধ থাকতে হবে।

পরিপত্র জারির দিন থেকে অভিযান কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

পুরনো খবর:

খাদ্যে ভেজালে হুমকিতে জনস্বাস্থ্য: প্রধানমন্ত্রী
‘বিষ’ বন্ধ করুন: প্রধানমন্ত্রীকে রওশন