খাদ্যে ভেজালে হুমকিতে জনস্বাস্থ্য: প্রধানমন্ত্রী
খাদ্যে ভেজাল ও ফরমালিন মেশানোয় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এই অপরাধ নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছেন বলেও বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন তিনি।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের প্রশ্নে শেখ হাসিনা বলেন, “বিচ্ছিন্নভাবে দেশের কোথাও কোথাও কতিপয় অসৎ বিক্রেতা কর্তৃক খাদ্যে ভেজাল ও ফরমালিন মেশানোর কারণে জনস্বাস্থ্যে ক্রমান্বয়ে হুমকির সম্মুখীন হচ্ছে।
“ইতোমধ্যে সরকার কঠিন হস্তে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিয়েছে।”
এজন্য সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ প্রণয়ন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠা, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক ফরমালিন আমদানি নিয়ন্ত্রণ ও জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার কথাও বলেন তিনি।
খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দেশব্যাপী নিয়মিত বাজার তদারকি করছে। এই কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে যুক্তরাষ্ট্র তেকে তিনটি ফরমালিন সনাক্তকরণ মিটার আনা হচ্ছে বলে সংসদে জানানো হয়।
ভেজালবিরোধী অভিযান কার্যক্রমের আওতায় ২০১০ সালের ৬ এপ্রিল হতে ২০১৪ সালে ৩১ জানুয়ারি পর্যন্ত ৩ হাজার ৮৫০টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মোট ৪ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৯০০ টাকা জরিমান আদায় করা হয়েছে।
শুধু ফরমালিন মিশ্রণের কারণে ১৮৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২৪ লাখ ৫১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরকার অর্থনৈতিক দিক হতে গুরুত্বপূর্ণ ছয়টি প্রকল্পকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এগুলো হল- পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মাস ট্রাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন মেট্রো রেল প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর-কক্সবাজার প্রকল্প এবং এল এন জি টার্মিনাল নির্মাণ প্রকল্প।
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের দিকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করে কাজ চালিয়ে যাচ্ছেন বলে শেখ হাসিনা জানান।
