২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা-ছেলেকে গুলি: ছিনতাইয়ের টাকাসহ আটক ১

রাজধানীর খিলগাঁওয়ে বাবা-ছেলেকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনতাইয়ের চার দিন পর ৩ লাখ ৯৯ হাজার টাকাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 12:03 PM

Updated : 25 Apr 2022, 04:40 PM

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাইদুর রহমান জানান, রোববার রাতে খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে কাজী সিরাজুল ইসলাম (৪০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

“ছিনতাই হওয়া টাকার মধ্যে ৫ লাখ টাকা সিরাজ পেয়েছিল। এর ১ লাখ ১ হাজার টাকা সে খরচ করেছে। বাকি টাকা তার খিলগাঁওয়ের বাসা থেকে পাওয়া গেছে।”

গত ৪ সেপ্টেম্বর রাতে খিলগাঁওয়ের গোড়ান ফায়ার সার্ভিস স্টেশনের সামনের রাস্তায় মানি এক্সচেঞ্জের ব্যবসায়ী ইসরাইল হোসেন ও তার ছেলে শরীফ হোসেন সায়মনকে গুলি করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা ।

গুলিবিদ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সায়মনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরদিন সায়মনের চাচা মজিবুর রহমান খিলগাঁও থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন।

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম পুলিশের গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, “ওই ছিনতাইয়ের ঘটনায় অন্তত পাঁচজন জড়িত ছিল। ব্যবহার করা হয়েছিল তিনটি বিদেশি অস্ত্র। শাহীন নামের একজন ঘটনার দিন গুলি করে। তবে তার পাশাপাশি অন্য কেউ গুলি করেছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।”

অস্ত্র উদ্ধার করতে না পারলেও সিরাজের মোবাইল ফোন থেকে ছিনতাইয়ে ব্যবহৃত অস্ত্রের ছবি পাওয়া গেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, “ছিনতাইকারীদের কেউ তথ্য দিয়ে সহায়তা করে থাকতে পারে। পরিবারের কেউ এ ঘটনায় জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।”

পুরনো খবর:

খিলগাঁওয়ে গুলি: মামলায় আসামি অজ্ঞাত, ওসি প্রত্যাহার