ধর্মঘটে বিচ্ছিন্ন উত্তরাঞ্চলের ৮ জেলা
রংপুরে মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটে রাজধানীসহ সারা দেশের সঙ্গে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
এ কারণে সোমবার সকাল থেকে রংপুর বিভাগের আট জেলায় অভ্যন্তরীণ রুটেও কোনো গাড়ি চলছে না।
রংপুর জেলা মোটর মালিক সমিতির বিরুদ্ধে হামলা ও যানবাহন ভাঙচুরের অভিযোগ তুলে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন রোববার রাতে রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকে।
ধর্মঘটের সকালে সোমবার হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে কেন্দ্রীয় বাস টার্মিনালে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শ্রমিকরা।
রংপুরের পুলিশ সুপার আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ধর্মঘটকে কেন্দ্র করে পরিস্থিতি স্বাভাবিক রাখতে টার্মিনালসহ জেলার বিভিন্ন বাসস্ট্যান্ডে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, আকস্মিক এ ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শতশত যাত্রীকে সকালে টার্মিনাল থেকে ফিরে যেতে দেখা যায়। অনেকেই ব্যক্তিগত উদ্যোগে মাইক্রোবাস ভাড়া করার জন্য ছুটছেন।
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদে চাকরি করেন আফজাল হোসেন। তিনি প্রতিদিন রংপুর শহর থেকে বাসে যাতায়াত করেন। ধর্মঘটের কবলে পড়ে ক্ষুব্ধ আফজাল বলেন, “আকস্মিক ধর্মঘট আহ্বান করায় ব্যাটারিচালিত অটোরিকশায় করে ৩০ কিলোমিটার দূরে কর্মস্থলে যাচ্ছি।”
রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলাকারীদের গ্রেপ্তার ও পুড়িয়ে দেওয়া যানবাহনের ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।”
তার অভিযোগ রংপুর জেলা মোটর মালিক সমিতির চেইন মাস্টার জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আব্দুল মোত্তালেব ও সাদেকুল ইসলামকে মারধর করার পর বিষয়টি মালিক সমিতির কর্মকর্তাদের জানালেও তারা ব্যবস্থা নেয়নি।
মজিদ বলেন, “এনিয়ে রোববার রাত ৭টায় আমরা কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সভা করছিলাম। রাত সাড়ে ৮টায় মালিক সমিতির চেইন মাস্টাররা অতর্কিতে আমাদের ওপর হামলা চালিয়ে মারধর করে। পরে তারা কার্যালয়ের সামনে রাখা ইউনিয়নের নেতাদের ১১টি মোটরসাইকেল ভেঙে গুড়িয়ে দেয় এবং আমার কারটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।”
এ ঘটনায় তিনিসহ সংগঠনের ১১ জন নেতা আহত হন, যারা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরে শ্রমিকরা ধাওয়া করলে তাদের সঙ্গে হামলাকারীদের ধাওয়া পাল্টাধাওয়া ও ইট-পাটকেল ছোড়ার ঘটনা চলতে থাকলে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত রংপুর-বগুড়া মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করে রংপুর জেলা মোটর মালিক সমিতির সভাপতি আবু আজগার আহমেদ পিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনার সঙ্গে মালিক সমিতি জড়িত নয়। শ্রমিকদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে।”
রংপুর সদর সার্কেলের এএসপি হুমায়ুন কবীর বলেন, “অগ্নিনির্বাপক দলের সহযোগিতায় পুলিশ যানবাহনের আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আব্দুস সালাম ও শংকর রায় নামে দুই পুলিশ কনস্টেবল আহত হন। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
