২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা করা হল না ইয়াসিনের

রাজধানীর মিরপুরের কালশীতে বিহারি ক্যাম্পে অগ্নিসংযোগে পরিবারের সবাইকে হারানো ইয়াসিন আলী অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন জানিয়ে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর ঘটনাটিকে সন্দেহজনক মনে করছেন তার স্বজনরা।

গোলাম মুজতবা ধ্রুব

রেজাউল হক ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 09:43 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

শনিবার সকাল ১০টায় পল্লবীতে বাসের ধাক্কায় নিহত হন ইয়াসিন।  গত ১৪ জুন আটকে পড়া পাকিস্তানের ক্যাম্পে (বিহারি ক্যাম্প) আগুন দেয়া হলে তার পরিবারের নয়জন মারা যান। অগ্নিদগ্ধ হলেও বেঁচে যান শুধু তার মেয়ে ফারজানা।

ফারজানার ওষুধ কিনতে কলাবাগান যেতে বাসে ওঠার সময় পূরবী সিনেমা হলের সামনে পেছন থেকে আসা আরেকটি বাস ইয়াসিনকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

এই মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে ইয়াসিনের বোন নাহিদা রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিহারি ক্যাম্পে খুনের ঘটনায় রোববার আমার ভাইয়ের মামলা করার কথা ছিল। সে আক্রমণকারীদের কাউকে কাউকে চিহ্নিত করতে পেরেছিল। কিন্তু তার আগেই রহস্যজনকভাবে সে মারা গেল।”

ইয়াসিনের আরেক বোন খাইরুন বলেন, “কোনো প্রমাণ নাই, তারপরও বলি, ইয়াসিনকে কেউ মেরে ফেলেছে। কিন্তু কারো নামে মামলা করব না। আমরা গরিব মানুষ, মামলা চালাব কিভাবে?”

Image
আগুনে পুড়ে যাওয়া ইয়াসিনের ঘর

আগুনে পুড়ে যাওয়া ইয়াসিনের ঘর

কাদের সন্দেহ করছেন- জানতে চাইলে তিনি বলেন, “যারা ক্যাম্পে আগুন দিয়েছিল, তারাই।”

পরিবারের সবাইকে হারালেও কারো বিরুদ্ধে মামলার ইচ্ছা ইয়াসিনের ছিল না জানিয়ে তার বোন দাবি করেন, ক্যাম্পের বাসিন্দা অনেকের ‘চাপে’ তার ভাই মামলা করতে রাজি হয়েছিল।

তবে উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহেবিলেটেশন মুভমেন্টের কেন্দ্রীয় সভাপতি সাদাকৎ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হামলার ঘটনায় ইয়াসিন কয়েকটি ভিডিও দেখে কয়েকজনকে চিনতে পেরেছিল।”

ইয়াসিনকে যে বাসটি ধাক্কা দিয়েছিল, তা চিহ্নিত করতে পারেনি পুলিশ।

পল্লবী থানার ওসি সৈয়দ জিয়াউজ্জামান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বাসটিকে চিহ্নিত এবং আটকের চেষ্টা করছি।”

উর্দু স্পিকিং পিপলস ইয়ুথ রিহেবিলেটশন মুভমেন্টের সম্পাদক শাহেদ আলী বাবলু বলেন,“ডাক্তাররা বলেছেন, ইয়াসিনের মৃত্যু হয় অভ্যন্তরীণ রক্তক্ষরণ থেকে।”

ঢাকা মহানগর পুলিশের পল্লবী অঞ্চলের সহকারী কমিশনার কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় ইয়াসিনের ফুফাত ভাই মোহাম্মদ আলম অজ্ঞাত পরিচয়ের আসামিদের বিরুদ্ধে একটি হত্যামামলা করেছেন।

পুলিশের বক্তব্য অনুযায়ী, আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে গত ১৪ জুন ভোরে কালশীর ওই ক্যাম্পে সংর্ঘষের সময় ইয়াসিনের ঘরে আগুন দেয়া হয়।

আগুনে ইয়াসিনের স্ত্রী বেবী, তিন মেয়ে সাহানা, আফসানা, রোখসানা, তিন ছেলে লালু, ভুলু (জমজ) ও আশিক, আশিকের স্ত্রী শিখা ও ইয়াসিনের নাতি মারুফ মারা যান।

আগুন দেয়ার জন্য ক্যাম্পের বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্য ইলিয়াসউদ্দিন মোল্লাকে দায়ী করলেও আওয়ামী লীগের এই নেতা তা অস্বীকার করেছেন। 

ওই ঘটনায় পুলিশের করা একটি হত্যামামলাসহ মোট  ছয়টি মামলা হয়। কিন্তু ক্যাম্পের বাসিন্দাদের পক্ষ থেকে এখনো কোনো মামলা হয়নি।

মুষড়ে পড়েছে ফারজানা

মা, ভাই, বোনসহ সবাইকে হারালেও বাবা বেঁচে থাকায় সান্ত্বনা ছিল ফারজানার। এখন তা-ও হারিয়ে এই কিশোরী মুষরে পড়েছেন বলে স্বজনরা জানিয়েছেন।

ফারজানার ফুপু নাহিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফারজানা এখন সুস্থ হওয়ার পথে, কিন্তু হঠাৎ করে বাবাকে হারানোয় সে ভীষণভাবে মুষড়ে পড়েছে।”

Image
ফারজানা

ফারজানা

ফারজানা প্রায় আড়াই মাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ছিলেন। হাসপাতাল ছাড়ার পর মিরপুর ১২ নম্বর সেক্টরের ৭ নম্বর লাইনে এক আত্মীয়ের বাসায় উঠেছেন।

রোববার ওই বাসায় গিয়ে ফারজানার সঙ্গে কথা বলার সময় আগুনে পুড়ে যাওয়া ডান হাত বারবারই ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করছিলেন তিনি। কপালের পুড়ে যাওয়া অংশেও মলম লাগানো ছিল।

চোখে-মুখে আতঙ্কের ছাপ নিয়েই ফারজানা বলেন, “আব্বা বলছিল, ‘আম্মা আমি তোমার জন্য মলম কিনতে যাইতাছি, এক ঘণ্টার মধ্যে ফিরা আসমু, তুমি কোনো চিন্তা কইরো না’।

“কিন্তু কততো ঘণ্টা পার হইল আব্বা তো আর বাসায় আসল না। শুনলাম, তারে গাড়ি চাপা দিছে।”

দরিদ্র পরিবারের এই কিশোরীর চিকিৎসার জন্য পুলিশের পক্ষ থেকে সহায়তা পেয়েছেন বলে তার ফুপু খাইরুন জানান।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, “পুলিশ কমিশনার বেনজীর আহমেদ স্যারের নির্দেশে ফারজানার যাবতীয় চিকিৎসার খরচ পুলিশের কল্যাণ তহবিল থেকে মেটানো হয়েছে।”

পুরনো খবর:

সব হারানো ইয়াসিন নিজেও না ফেরার দেশে
কালশীর ১০ হত্যা: তদন্তে অগ্রগতি নেই
‘বিহারি ক্যাম্পে’ সংঘর্ষ-আগুন, নিহত ১০