২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সব হারানো ইয়াসিন নিজেও না ফেরার দেশে

রাজধানীর পল্লবীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কালশীর সেই ইয়াসিন আলী, ঘরে দুর্বৃত্তের দেয়া আগুনে নয় স্বজনকে হারিয়েছিলেন যিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 06:16 PM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

কালশীর ১০ হত্যা: তদন্তে অগ্রগতি নেই
‘বিহারি ক্যাম্পে’ সংঘর্ষ-আগুন, নিহত ১০

শনিবার সকাল ১০টার দিকে পল্লবীর পূরবী সিনেমা হলের সামনে দুই বাসের মাঝে চাপা পড়ে ইয়াসিন (৫৫) নিহত হন বলে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।

ইয়াসিনের ফুফাত ভাই মো. সনু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৪ জুন কালশীর বিহারী ক্যাম্পে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ইয়াসিনের পরিবারের নয় জন মারা গিয়েছিল।

ওই ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তার মেয়ে ফারজানা।

“সকালে ফারজানার জন্য ওষুধ কিনতে বেরিয়ে বাসের চাপায় মারা গেছেন তিনি,” বলেন সনু।

বিহারী ক্যাম্পে অগ্নিসংযোগে ইয়াসিনের স্ত্রী বেবী, তিন মেয়ে সাহানা, আফসানা, রোখসানা, তিন ছেলে লালু, ভুলু ও আশিক, ছেলের স্ত্রী শিখা ও নাতি মারুফ মারা যান।