২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ ঘণ্টা ভুগিয়ে মিটফোর্ডে কর্মবিরতি প্রত্যাহার

রোগী ও স্বজনদের ৩০ ঘণ্টা ভোগান্তির পর কর্মসূচি স্থগিত রেখে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নার্স ও শিক্ষানবিশ চিকিৎসকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 05:34 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুরনো খবর:

মিটফোর্ডে চিকিৎসকের মারধরের পর কর্মবিরতিতে নার্সরা

এক সহকর্মীকে মারধরের প্রতিবাদে শনিবার দুপুরে হাসপাতালের সেবিকারা এই ধর্মঘট শুরু করলে রোগীদের ভোগান্তিও শুরু হয়। রোববার দুপুরে তারা ধর্মঘট স্থগিত করলেও কর্মবিরতিতে যান হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকরা।

এই অচলাবস্থার মধ্যে পুরান ঢাকার এ হাসপাতালে রোগী নিয়ে এসেও ফিরে যেতে হয় স্বজনদের। ভোগান্তির মুখে পড়তে হয় ভর্তি রোগীদেরও।

শেষ পর্যন্ত রোববার রাত সাড়ে ৮টায় হাসপাতাল পরিচালকের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করে কাজে যোগ দেন ইন্টার্ন চিকিৎসকরা।

ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র কাজী ইফতেখার আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসপাতাল পরিচালক ঘটনার সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। তার আশ্বাসে আমরা এই ধর্মঘট প্রত্যাহার করছি।”

তবে রাতে হাসপাতালে ঘুরে অচলাবস্থার পুরোপুরি অবসান চোখে পড়েনি।

ছয় তলার গাইনি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সিজার অপারেশন থিয়েটার বন্ধ। দুজন সেবিকা বসে আছেন। অস্ত্রোপচার হয়েছে এমন কোনো রোগীও নেই।

রোগী নেই কেন জানতে চাইলে- এক সেবিকা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গতকাল (শনিবার) দুপুর থেকে কোনো সিজার হয়নি। কোনো এলে তাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল।”

জরুরি বিভাগের নিবন্ধন খাতায় দেখা যায়, শনিবার দুপুরের পর থেকে মাত্র ৯ জন রোগী গাইনি ওয়ার্ডে ভর্তি হন। অথচ শনিবার সকালেই রোগী ভর্তি হয়েছিল ২৫ জন।

শনিবার সারাদিন হাসপাতালে রোগী ভর্তি হয়েছিল ১৩১ জন আর রোববার ৬৪ জন।

৬০০ শয্যার এই হাসপাতালে ৭৮৯ জন রোগীর খাবার তৈরি করা হয়েছিল শনিবার। রোববার খাবার সরবরাহ করা হয় ৭৪৩ জনের। অর্থাৎ আন্দোলনের কারণে প্রায় ৫০ জন রোগী চলে যান।

শনিবার দুপুর থেকে মাত্র দুজনের অস্ত্রোপচার হয়, যাদের করাটা জরুরি ছিল বলে কর্তব্যরত সেবিকারা জানান।

রাত ৮টার ধর্মঘট প্রত্যাহারের পর প্রধান ভবন ও মেডিসিন ভবনের ঘুরে চিকিৎসা সেবার কোনো পরিবর্তন দেখা যায়নি।

অচলাবস্থার কথা তুলে ধরলে হাসপাতালের পরিচালক জাকি হাসান বলেন, “কোনো সমস্যা নেই। সবকিছু স্বাভাবিক চলছে।”

শনিবার দুপুরে থেকে কোনো সিজার অপারেশন না হওয়ার বিষয়টি তুলে ধরা হলে তিনি বিব্রত কণ্ঠে বলেন, “সোমবার সকাল থেকে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।”

কর্মবিরতি প্রত্যাহারের পরও ইন্টার্ন চিকিৎসকদের দেখা না যাওয়ার বিষয়টি জানালে কাজী ইফতেখার বলেন, “আশপাশে যারা আছেন, তাদেরকে কাজে যোগ দিতে বলেছি। অনেকেই কাজে যোগ দিয়েছেন।”

শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ছয় তলার গাইনি ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসক রকিবুল ইসলাম সুজন জ্যেষ্ঠ সেবিকা বকুল রানী দাসকে মারধর করেন বলে নার্সদের অভিযোগ।

ওই ঘটনার পরপরই ৬০০ শয্যার এ হাসপাতালের সেবিকা ও ব্রাদাররা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন।

তাদের আন্দোলনের মুখে শিক্ষানবিশ চিকিৎসক ও সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলামকে রোববার সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ। কিন্তু তারপরও তাকে চিকিৎসা সনদ না দেয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যান সেবিকারা।

তারা কাজ বন্ধ রেখে হাসপাতালের প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকলে হাসপাতালে আসা নতুন রোগীদের ফটক থেকেই ফিরে যেতে হয়।

এরপর দুপুরে মিটফোর্ড হাসপাতালের নার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক জরিনা খাতুন তাদের কর্মবিরতির কর্মসূচি বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেন।

তিনি জানান, সেবিকারা কালো ব্যাজ ধারণ করে কাজ চালিয়ে যাবেন। তবে বৃহস্পতিবারের মধ্যে ওই শিক্ষনবিশ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হলে নতুন কর্মসূচি দেয়া হবে।

সেবিকারা ধর্মঘট প্রত্যাহার করে নেয়ার পরপরই কর্মবিরতিতে যান শিক্ষানবিশ চিকিৎসকরা।

কর্মবিরতি ডাকার পর ইন্টার্ন চিকিৎসকদের মুখপাত্র কাজী ইফতেখার আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, কাজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলাম সুজনের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং ওই সেবিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবিতে সোমবার সকাল ১০টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে।

“ওই সময়ের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে আমরা লাগাতার কর্মবিরতিতে যাব।”

যে দুজনকে কেন্দ্র করে মিটফোর্ডের এই অচলাবস্থা সেই দুজনের (একজন সেবিকা, অন্যজন শিক্ষানবিশ চিকিৎসক) সঙ্গে কথা বললে তারা নিজেদের দোষ অস্বীকার করেন।

সেবিকা বকুল রানী দাস মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছেন, যাকে ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলাম সুজন মারাধর করেছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনা জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছয়তলায় একজন রোগীর ক্যানোলা লাগানোর জন্য শিক্ষানবিশ চিকিৎসক রকিবুল তাকে ডেকেছিলেন, তখন তিনি একজন সন্তানসম্ভবা নারীকে ইনজেকশন দিচ্ছিলেন।

“তার (রকিবুল) ডাকে যেতে দেরি হওয়ায় সে অন্য ডাক্তারদের বলে, ‘এদেরকে (সেবিকা) ভালভাবে ডাকতে নেই’। বিভিন্ন আজেবাজে মন্তব্যও করে।”

“আমার বয়স ৪৭, সে আমার ছেলের বয়সী। তার কাছ থেকে এমন বাজে মন্তব্য শুনে খুবই ঘৃণা ধরে আমার মনে,” কান্নাজড়িত কণ্ঠে বলেন এই সেবিকা।

“তখন আমি পাশের কক্ষে অন্য ডাক্তাদের রকিবুলের ব্যবহারের কথা বলতে যাচ্ছিলাম। এসময় পেছন থেকে আমাকে মারতে থাকে এবং বলতে থাকে- ‘যা তোর বাবার কাছে গিয়ে বিচার দ’।”

গাল কিভাবে কেটেছে জানতে চাইলে বকুল রানী বলেন, “পেছন থেকে রকিবুল চড়-থাপ্পর মেরেছে। তাই নিজের চশমা ভেঙে কেটেছে কি না, তা আমি বুঝতে পারিনি। তবে ঘটনার পর থেকে আমি আমার চশমাটি পাচ্ছি না।”

বকুল রানীর অভিযোগের প্রতিক্রিয়া জানতে চাইলে রকিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেরি করায় আমি বিলম্বের কারণ জানতে চাইলে সে আমার মায়ের নাম তুলে খুবই বাজেভাবে আমাকে বকা দেয়।

“মাকে নিয়ে মন্তব্যটি এত বাজে ছিল যে আমি স্বাভাবিকতা হারিয়ে তাকে (বকুল) মারতে উদ্যত হই। তখন অন্য চিকিৎসক আমাকে থাকায় এবং বকুল রানী হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়ে নিজের চমশা ভেঙে গাল কেটে ফেলে।”

হাসপাতালের পরিচালক জাকির হাসান বলেন, “বকুল রানী আমার কাছে রক্তাক্ত গাল নিয়ে আসে। কিভাবে হয় এবং কে করেছে- জানতে চাইলে সে (বকুল) কিছুই বলতে পারেনি। পরে বিষয়টি অন্য চিকিৎসকের কাছ থেকে শুনেছি।”

“আমার, কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে দোষ স্বীকার করায় রকিবুলকে সাময়িক বরখাস্ত করা হয়,”বলেন তিনি।

তবে রকিবুল বলেন, “আমি পরিচালকের কাছে আমি মেরেছি তা স্বীকার করিনি। আমি শুধু বলেছি আমার সঙ্গে বকুল রানীর ঘটনা ঘটেছে।”

কিছুদিন আগে আরেক সেবিকার সঙ্গে গণ্ডগোলের অভিযোগের বিষয়টি তুলে ধরলে তিনি বলেন, “আমার ব্যাচের সব ছাত্র তাদের কিছু সমস্যা হলে আমাকে বলে। আমি সমস্যা সমাধান করতে যাই বলে এই বদনাম আমার।”

হাসপাতালের উপ-পরিচালক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”