২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিটফোর্ডে চিকিৎসকের মারধরের পর কর্মবিরতিতে নার্সরা

চিকিৎসকের হাতে এক সহকর্মী মার খাওয়ার পর কর্মবিরতি শুরু করেছেন রাজধানীর মিটফোর্ড হাসপাতালের নার্সরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 07:55 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

নার্সদের অভিযোগের পর ওই শিক্ষানবিশ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে জানিয়ে হাসপাতালের এক কর্মকর্তা বলেছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। 

শনিবার দুপুর দেড়টার দিকে হাসপাতালের ছয় তলার গাইনি ওয়ার্ডে শিক্ষানবিশ চিকিৎসক রকিবুল ইসলাম সুজন জ্যেষ্ঠ সেবিকা বকুল রানী দাসকে মারধর করেন বলে অভিযোগ নার্সদের।  

এর পরপরই নার্সরা কাজ বন্ধ করে দিলে ৬০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

হাসপাতালের উপ-পরিচালক আবু ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইন্টার্ন চিকিৎসক রকিবুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। কমিটিতে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বকুল রানীর অবস্থা জানতে চাইলে উপ-পরিচালক বলেন, “তার নাক দিয়ে রক্ত পড়তে দেখেছি। তাকে ক্যাজুয়েলটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”

নার্সেস সংগ্রাম অ্যাসোসিয়েশনের সদস্য সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বকুল রানীকে ছয় তলার একটি কক্ষে আটকে পিটিয়েছে সুজন।”

সাময়িক বরখাস্তের পরও কর্মবিরতি চালিয়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, “তাকে যেন চিকিৎসক সনদ না দেয়া হয়, সেজন্য আমরা আন্দোলন করছি।”

জসিম বলেন, নার্সদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ওই রকিবুলকে গ্রেপ্তারের দাবিতে রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি ও কর্মবিরতি পালন করবেন তারা।

শনিবার রাতে নার্সরা কাজে যোগ দিয়েছেন কি না- জানতে চাইলে তিনি বলেন, “নার্সরা কিছু জরুরি কাজ করছে। তবে পুরোপুরি কাজে যোগ দেয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।”

রকিবুলের বিরুদ্ধে আরো অভিযোগ থাকার কথা নার্সরা বলেন, যা স্বীকার করেন উপ-পরিচালক ইউসুফও।

“এটা মানা যায় না। আমরা তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেয়ার, তা নেব,” বলেন তিনি।

নার্সরাও চাইলে রকিবুলের বিরুদ্ধে ফৌজদারি মামলা করলে হাসপাতাল কর্তৃপক্ষ বাধা হয়ে দাঁড়াবে না বলে জানান উপ-পরিচালক।

এই বিষয়ে নার্স নেতা জসিম উদ্দিন বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের কর্তৃপক্ষ। তাই ফৌজদারি মামলায় যাওয়ার প্রয়োজন নেই। কর্তৃপক্ষই এই বিচার করতে পারেন।”