২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় হিন্দুবাড়িতে হামলা, চেয়ারম্যান গ্রেপ্তার

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক হিন্দু বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2014, 03:10 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

শনিবার গভীর রাতে উপজেলার বড়তলি-বানিহারি ইউনিয়নের বড়তলি গ্রামে হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য মাহবুবুল আলম খান রানা ও তার সহযোগী বিপ্লব মিয়া।

মোহনগঞ্জ থানার ওসি রমিজুল হক জানান, বড়তলি গ্রামের মধু সরকারের সঙ্গে চেয়ারম্যান রানার পূর্বশত্রুতা ছিল। এরই জের ধরে শনিবার রাত পৌনে ১২টার দিকে চেয়ারম্যান তার লোকজন নিয়ে মধু সরকারের বাড়ি ও দোকানে হামলা চালায়। হামলাকারীরা ৮৪ হাজার নগদ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এছাড়া হামলায় চার জন আহত হন। এদের মধ্যে একজনকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, “হামলার সময় গ্রামের লোকজন চেয়ারম্যান ও তার সঙ্গী বিপ্লব মিয়াকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।”

এ ব্যাপারে মধু সরকার বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ওই মামলায় চেয়ারম্যান রানা ও তার সহযোগী বিপ্লবকে গ্রেপ্তার দেখিয়ে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।