রাজশাহীতে পিস্তল-গুলিসহ প্রাইভেটকারচালক আটক
রাজশাহী থেকে বগুড়াগামী একটি প্রাইভেটকার থেকে পিস্তল ও গুলিসহ এর চালককে আটক করেছে র্যাব।
আটক হারুন অর রশিদের বাড়ি বগুড়া সদর উপজেলার নাটাই দক্ষিণপাড়ায়।
শনিবার সকালে র্যাব-৫ সদর দপ্তরে এএসপি সারোয়ার সাংবাদিকদের জানান, জেলার চারঘাট সীমান্ত দিয়ে অস্ত্র পাচার করে সেগুলো বগুড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ খবর পেয়ে ওই কারের পিছু নেয় র্যাব। ট্রাফিক মোড়ে প্রাইভেটকারটি থামিয়ে তাল্লাশি করা হয়। এসময় ভেতর থেকে দুটি পিস্তল, চারটি ম্যাগাজিন ও আটটি গুলি পাওয়া যায়।
অস্ত্র বহনের অভিযোগে কারের চালক হারুনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওই র্যাব কর্মকর্তা।
