বেনাপোলে কোটি টাকার যন্ত্রপাতি উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্ত থেকে শুক্রবার কোটি টাকা মূল্যের ১৬টি নিটিং ও দুইটি রিং মেশিন উদ্ধার করেছে বিজিবি।
এগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল বলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে।
যশোর-২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে বেনাপোলের বড় আচড়া সীমান্ত এলাকার একটি বাড়ি থেকে এসব যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক যায় যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিজিবি কর্মকর্তা আরো বলেন, একটি চক্র বিপুল পরিমাণ নিটিং ও রিংকিং মেশিন ভারতে পাচার করার জন্য ঢাকা থেকে এনে বড় আচড়া সীমান্তের একটি বাড়িতে রেখেছে বলে গোপন খবর পায় বিজিবি।
এরপর বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার রফিকের নেতৃত্বে বিজিবির টহলদল বড় আচড়া সীমান্তের জাহিদুলের বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তল্লাশি করে চীনে তৈরি ১৬টি নিটিং (পাওয়ার লুম) মেশিন ও ২টি রিং মেশিন পাওয়া যায়।
উদ্ধার করা এসব যন্ত্রাংশের বাজার মূল্য এক কোটি টাকা হবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর।
এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা হয়েছে বলেও জানান তিনি।
