খন্দকারের বই নিষিদ্ধের পক্ষে নন মুহিত
সদ্য প্রকাশিত বই ‘১৯৭১: ভেতরে বাইরে’ তে তথ্য বিকৃতির অভিযোগ এনে সংসদে মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকারের সমালোচনা হলেও বইটি নিষিদ্ধের পক্ষে নন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় গণগ্রন্থাগার অধিদপ্তরে 'মহানগর বই উৎসব-২০১৪' এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান জানান।
তিনি বলেন, “সংসদে যে দাবি উঠেছে আমি অত্যন্ত শক্তভাবে তা প্রত্যাখ্যান করছি। কোন বই যত বাজেই হোক তা সেন্সর করা উচিত নয়।”
এ প্রসঙ্গে ইংরেজ কবি জন মিল্টনের বক্তব্য উদ্ধৃত করে তিনি বলেন, “তুমি জান না কোন লেখায়, কোন ক্লেশের মধ্যে মণিমুক্তা লুকিয়ে আছে। আর কোন ক্লেশের মধ্যে সবচেয়ে মূল্যবান বক্তব্যটি পেতে পার।”
তবে বইয়ের যে সব বক্তব্য নিয়ে আপত্তি উঠেছে লেখনীর মাধ্যমে তার জবাব দেয়াই সমীচীন বলে মনে করেন মুহিত।
তিনি বলেন, “অনেকে বিভিন্নভাবে মতামত লেখে। আপনাদের কাছেও অস্ত্র আছে। এর প্রতিবাদে লেখেন না কেন?”
মুক্তিযুদ্ধকালীন সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে প্রথমা থেকে প্রকাশিত এ কে খন্দকারের বইয়ের প্রকাশনা উৎসব হয় বুধবার। বইয়ে তিনি লিখেছেন, ৭ মার্চের ভাষণ ‘জয় পাকিস্তান’ বলে শেষ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের প্রস্তুতি ছিল না বলেও লিখেছেন সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা।
এই বইয়ে তথ্য বিকৃতির অভিযোগ এনে বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বইয়ের লেখক এ কে খন্দকারের সমালোচনা করেন। কেউ কেউ বইটি নিষিদ্ধের দাবিও তোলেন।
বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি সচিব রণজিৎ কুমার বিশ্বাস, গ্রন্থাগার অধিদপ্তরের মহাপরিচালক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই বই উৎসব। প্রায় ৫৯টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
