২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০ লাখ টাকার কাবিন, অতিথি ২০ হাজার

দুপুর থেকে ঢুকছিলেন অতিথিরা; কারো হাতে উপহার, কারো হাত খালি। তবে ভুরিভোজ হয়েছে সবারই এবং তা চলে সন্ধ্যা পর্যন্ত।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 01:05 AM

Updated : 13 Oct 2022, 12:32 PM

পুরনো খবর:

মন্ত্রী মহসিনের মেয়ের রাজসিক বিয়ে

বৃহস্পতিবার মৌলভীবাজার স্টেডিয়ামে এক বিয়ের অনুষ্ঠানে এত মানুষের ভিড় সামলাতে নাকাল হতে হয়েছিল পুলিশ সদস্যদের। ওয়াকিটকি হাতে তাদের দায়িত্ব পালনের পাশাপাশি আওয়ামী লীগকর্মীরাও নেমে পড়েন এই কাজে।

বিয়েটা ছিল সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মেয়ের, তাই রাজসিক এই আয়োজন। আর এই আয়োজন সফল করতে স্টেডিয়ামের সীমানা প্রাচীর ভাঙা নিয়ে সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

মন্ত্রীর দ্বিতীয় মেয়ে সৈয়দা সানজিদা শারমিন এবং লক্ষ্মীপুরের শ্রীরামপুর গ্রামের মোশাররফ পাটোয়ারীর বিয়ে পড়িয়ে মৌলভীবাজার ওলামা লীগের আহবায়ক কাজি কুতুব উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০ লাখ ১ টাকা দেনমোহরে বিয়ের কাবিন হয়েছে।

বিয়েতে ১৫ থেকে ১৮ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানিয়েছিলেন মন্ত্রীর ভাই সৈয়দ সালমান আলী। তবে অনুষ্ঠান ঘুরে এবং বিভিন্নজনের কথা বলে মনে হয়েছে, অতিথির সংখ্যা ২০ হাজারের কম হবে না।

“তবে অতিরিক্ত প্রস্তুতি থাকায় সমস্যা হয়নি,”  সাংবাদিকদের বলেন সালমান আলী।

মুসলিম অতিথিদের জন্য পোলাও, রোস্ট ও গরুর রেজালা ছিল। হিন্দু সম্প্রদায়ের জন্য খাসি ও মাছের ব্যবস্থা করা হয়।

এই বিয়ের আয়োজনে গত কয়েকদিন ধরেই মৌলভীবাজার স্টেডিয়ামকে সাজানো হচ্ছিল। স্টেডিয়ামের ভেতরে তৈরি করা হয় পাঁচটি প্যান্ডেল।

অতিথি আপ্যায়নের প্যান্ডেল ছাড়া বর ও কনের প্যান্ডেল করা হয় মুখোমুখি। দুই প্যান্ডেল বিশেষ ব্যবস্থায় শীতল রাখার ব্যবস্থাও ছিল।

কনে সানজিদার পরনে ছিল মেরুন রঙের লেহেঙ্গা। বর আসেন বিকাল ৪টায়। পরনে ছিল ক্রিম কালারের শেরওয়ানী।

কোনো মন্ত্রী বা বড় রাজনীতিক নেতা এই অনুষ্ঠানে ছিলেন না। তবে মৌলভীবাজারের সাত উপজেলার বিভিন্ন দলের নেতা-কর্মীরা ছিলেন।