ঢাকায় সন্ত্রাসীদের গুলিতে ছেলে নিহত, বাবা আহত
রাজধানীর খিলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত এবং তার বাবা আহত হয়েছেন। বাড়ির সামনে তাদের গুলি করে ৪৮ লাখ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে।
মগবাজারে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে খুনের পর সপ্তাহ না গড়াতেই বৃহস্পতিবার গোরান ফায়ার স্টেশনের কাছে এই হত্যাকাণ্ড ঘটল।
গত ২৮ অগাস্ট মগবাজারে তিন খুনের একদিন আগেই রাজধানীর পূর্ব রাজাবাজারে বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা করা হয় আহলে সুন্নাত আল জামাতের নেতা নুরুল ইসলাম ফারুকীকে।
এসব হত্যাকাণ্ড আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির বলে বিএনপির দাবি করলেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এগুলোকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে আসছেন।
গোরানে নিহতের নাম মো. শরিফ হোসেন সায়মন (২৮)। তার বাবা ইসরাইল হোসেনকে (৫৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত সাড়ে ৮টার দিকে বাবা ও ছেলে হেঁটে বাসায় ফেরার পথে সন্ত্রাসীদের গুলির মুখে পড়েন বলে পুলিশ জানিয়েছে।
সাইমনের বুকে এবং ইসরাইলের ডান হাতে, ডান পায়ে ও বাম পায়ে তিনটি গুলি লাগে।
গুলিবিদ্ধ দুজনকে প্রথমে স্থানীয় খিদমাহ হাসপাতালে নেয়া হয়। রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাইমনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই হায়দার আলী হতাহতদের স্বজনদের উদ্ধৃত করে সাংবাদিকদের বলেন, মোটর সাইকেলযোগে সন্ত্রাসীরা এসে তাদের গুলি করে পালিয়ে যায়।
মোক্তার বলেন, “সাইমুলের কাছে অনেক টাকা ও ডলার ছিল। সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে সেই টাকা ও ডলারের ব্যাগ নিয়ে যায়।”
তিন বোন, এক ভাইয়ের মধ্যে সাইমন বড় ছিল। তাদের বাসা গোরানের শান্তিপুরে।
ওই পরিবারের গাড়িচালক আবদুল আলীম সাংবাদিকদের বলেন, মতিঝিলের অফিস থেকে গাড়িতে করে বাড়ির কাছেই নেমে বাবা-ছেলে নেমে হেঁটে যাচ্ছিলেন।
ইসরায়েল গাড়ি রাখতেন পাশের বাড়িতে, তাই গাড়ি থেকে নেমে পড়েছিলেন তারা।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আশরাফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি ছিনতাই মনে হচ্ছে।”
রাত সাড়ে ১১টার দিকে ইসরাফিলকে ঢাকা মেডিকেল কলেজ থেকে পঙ্গু হাসপাতালে নেয়া হয়।
গুলিবিদ্ধ ইসরাইল পুলিশকে জানিয়েছেন, তাদের কাছে ৪৮ লাখ টাকা ছিল। তার সবই নিয়ে গেছে হামলাকারীরা।
