চবিতে শিক্ষক বাসে হামলা, বোমাবাজি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকে শিক্ষকদের বহনকারী বাসে হামলা চালানোর পাশাপাশি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে একদল শিক্ষার্থী। এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধর্মঘটীদের পরিচয় নিশ্চিত করতে না পারলেও ‘হলের আবাসিক শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনে নামা এই শিক্ষার্থীরা ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত বলে সাধারণ শিক্ষার্থীরা জানান।
বিশ্ববিদ্যালয় প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, বৃহস্পতিবার সকালের দিকে নগরীর পাহাড়তলী ইস্পাহানি রেল ক্রসিং এলাকায় শিক্ষকদের বাসে ভাংচুর হয় এবং ষোলশহর দুই নম্বর এলাকায় রেল স্টেশনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।
এর আগে গত মঙ্গলবার সকালে চৌধুরী হাট এলাকায় শিক্ষকদের একটি বাসে ভাঙচুর হয়। সন্দেহভাজন তিন জনকে ক্যাম্পাস থেকে আটকও করে পুলিশ। শিক্ষকদের ওপর ওই হামলার আগের দিন সোমবার একই এলাকায় শাটল ট্রেনে হাতবোমা ছোড়ে তারা।
প্রক্টর সিরাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাসটি শিক্ষকদের আনার জন্য ক্যাম্পাস থেকে শহরের একে খান মোড়ে যাওয়ার পথে এতে ভাংচুর করে ধর্মঘটকারীরা।
আধা ঘণ্টার ব্যবধানে ষোলশহর স্টেশনের পশ্চিম দিকে দুই নম্বর গেইট এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় বলে চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি ইয়াছিন ফারুক জানিয়েছেন।
এদিকে শহরে বাস ভাংচুর ও বোমাবাজি হলেও বিশ্ববিদ্যালয়ে অ্যাকাডেমিক কার্যক্রম স্বাভাবিক বলে দাবি করেছেন প্রক্টর।
“ক্যাম্পাসে ট্রেন চলাচলও স্বাভাবিক আছে। প্রতিটি বিভাগের ক্লাস ও পরীক্ষা কার্যক্রমও হচ্ছে,” বলেন তিনি।
গত ২৪ অগাস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে গোলাগুলির পর সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে বেশ কিছু পেট্রোল বোমা ও পাথর উদ্ধার করে পুলিশ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরদিন শিবিরকর্মীদের নিয়ন্ত্রণে থাকা হলটি বন্ধ করে দেয়।
এছাড়া গত ১২ জানুয়ারি শিবির-ছাত্রলীগ সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বন্ধ করে দেয়া হয় শাহ আমানত হলও।
এসব হল খুলে দেয়ার দাবিতে ‘হলের আবাসিক শিক্ষার্থী’ পরিচয়ে বিভিন্ন গণম্যাধ্যম কার্যালয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে রোববার থেকে ছাত্র ধর্মঘটের ডাক দেয়া হয়।
তবে ধর্মঘটের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ।
তিনি বলেন, “ধর্মঘটকারী কারা তা আমরা শনাক্ত করতে পারিনি। এমনকি কোনো ধরনের দাবি দাওয়া নিয়েও তারা আমাদের সাথে যোগাযোগ করেনি।”
তবে সাধারণ শিক্ষার্থীরা বলেন, হলের আবাসিক শিক্ষার্থী নাম দিয়ে ইসলামী ছাত্রশিবির কর্মীরা এ ধর্মঘট আহবান করেছে।
