২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদীরক্ষা কমিশনের যাত্রা শুরু

আইন পাসের এক বছরের মাথায় জাতীয় নদীরক্ষা কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 06:22 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

নৌমন্ত্রী শাজাহান খান বুধবার সকালে রাজউক এভিনিউয়ের বিএসসি টাওয়ারে কমিশনের কার্যালয়ে এর কার্যক্রম শুরুর ঘোষণা দেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, “২০১৩ সালে জাতীয় নদীরক্ষা কমিশন আইন পাস হয়। এ বছরের ৩ অগাস্ট কমিশন গঠিত হয়। ৫ অগাস্ট থেকে কমিশনের কাজ শুরু হলেও আনুষ্ঠানিকভাবে আজ শুরু হলো কমিশনের কাজ।”

শাজাহান খান নদীকে ‘মা’ অভিহিত করে বলেন, “নদী আমাদের মা। ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধী তারাও যেমনি রাজাকার, যারা নদী দূষণ করে তারা এই যুগের রাজাকার।

“নদীর প্রাণ আছে। তাই নদীর প্রাণ যারা নষ্ট করে তাদেরও আমি রাজাকার বলে আখ্যায়িত করবো।”

কমিশনের চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম জানান, নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ, শিল্প কারখানার নদী দূষণ, অবৈধ কাঠামো নির্মাণ ও নানা অনিয়ম রোধ, নদীর যথাযথ রক্ষণাবেক্ষণ এবং চলাচলের উপযোগী করে তোলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিত করতেই এই কমিশন গঠন করা হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সমম্বয়, নদী ও এর তীরে স্থাপিত অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর পানি ও পরিবেশ দূষণমুক্ত রাখাসহ নানা অসঙ্গতির বিষয়ে সরকারের কাছে সুপারিশ ও পরামর্শ দেবে এই কমিশন।

প্রতি বছর ১ মার্চ কমিশন এ ধরনের একটি সুপারিশ ও পরামর্শ সরকারের কাছে হস্তান্তর করবে বলে জানান তিনি।

নদীর অবৈধ দখল, দূষণ, তীরে অবৈধ কাঠামো নির্মাণসহ বিভিন্ন অনিয়ম রোধে কমিশন গঠনের বিধান রেখে গতবছরের ১৪ জুলাই জাতীয় সংসদে ‘জাতীয় নদী রক্ষা কমিশন বিল-২০১৩’ পাস হয়।

এর এক বছর পর গত ৩ অগাস্ট সাবেক সচিব মো. আতাহারুল ইসলামকে তিন বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় সরকার।

অনুষ্ঠানে আতাহারুল ইসলাম জানান, চেয়ারম্যানসহ অনধিক পাঁচজন সদস্য নিয়ে কমিশন গঠিত হবে। বর্তমানে চেয়ারম্যান ও সার্বক্ষণিক সদস্য নিয়োগ দেয়া হয়েছে।

কমিশনের বাকি সদস্যও শিগগিরই নিয়োগ দেয়া হবে বলে জানান নৌমন্ত্রী শাজাহান খান।

অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলামও বক্তব্য দেন।

পুরনো খবর:

নদী কমিশন গঠনে সংসদে বিল পাস
নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল