নদী কমিশন গঠনে সংসদে বিল পাস
নদীর অবৈধ দখল, দূষণ, তীরে অবৈধ কাঠামো নির্মাণসহ বিভিন্ন অনিয়ম রোধে কমিশন গঠনের বিধান রেখে আইন পাস হয়েছে জাতীয় সংসদে।
এর আগে বিলটি জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনী প্রস্তাবের সময় বিরোধী দলের সংসদ সদস্যরা এর বিরোধিতা করেন। প্রস্তাবগুলো পরে কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
নৌ-মন্ত্রী বলেন, “বিরোধী দলের সদস্যরা গোয়েবলসের নীতি ভালোভাবে অনুসরণ করছে। তারা অকারণে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। রোজার দিনের ইফতারের সময় অসত্য কথায় আমি বিস্মিত হয়েছি।
গত ২৩ এপ্রিল বিলটি সংসদে তোলার পর যাচাই বাছাইয়ের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল।
এ আইনে বলা হয়েছে, জাতীয় নদী রক্ষা কমিশনের কাজ হবে সংশ্লিষ্ট বিষয়ে সরকারকে সুপারিশ করা।
চেয়ারম্যান ও অন্যূন একজন নারী সদস্যসহ অনধিক পাঁচজন সদস্য নিয়ে এই কমিশন গঠন করা হবে। চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ দেবে সরকার।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, “নদীর অবৈধ দখল, পরিবেশ দূষণ, শিল্প কারখানার বর্জ্যে নদী দূষণ, তীরভূমিতে অবৈধ কাঠামো নির্মাণসহ অন্যান্য অনিয়ম রোধে এবং নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার ও রক্ষণাবেক্ষনের মাধ্যমে নাব্য নৌপথ গড়ে তোলার পাশাপশি আর্থ-সামাজিক উন্নয়নে নদীর বহুমাত্রিক ব্যবহার নিশ্চিতে কাজ করবে কমিশন।”
জাতীয় নদী রক্ষা কমিশন গঠিত হলে নদ-নদীগুলো অবৈধ দখলমুক্ত এবং নদীর দূষণ রোধে কার্যকর অগ্রগতি হবে বলেও বিলে আশা প্রকাশ করা হয়েছে।
