নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব মো. আতাহারুল ইসলাম।
সচিব মর্যাদায় তিন বছরের জন্য আতাহারুলকে ওই পদে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২০১২ সালের ডিসেম্বরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব থাকা অবস্থায় অবসরে যান আতাহারুল।
এর আগে গত বছরের ৯ অক্টোবর পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদকে আহ্বায়ক করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য তিন সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আইনুন নিশাতকে সদস্য এবং নৌ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. আলাউদ্দিনকে ওই কমিটির সদস্য-সচিব করা হয়।
নদীর অবৈধ দখল ও অবৈধ কাঠামো নির্মাণ এবং দূষণ রোধের পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার এবং যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য গত বছর নদী রক্ষা কমিশন আইন পাস করে করে সরকার। ওই আইন বাস্তবায়নে পাঁচ সদস্যের এই কমিশন গঠনের কথা বলা হয়েছে।
