২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় পিতা-পুত্রসহ ৫ জনের যাবজ্জীবন

নোয়াখালীর একটি হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, যাদের মধ্যে পিতা-পুত্র রয়েছেন চার জন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 05:47 PM

Updated : 16 Sep 2026, 04:33 PM

বুধবার নোয়াখালী জেলা ও দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন।

একইসঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতরা হলেন কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের আবুল হাসেম ও তার ছেলে নুরনবী, আবুদল হক ও তার ছেলে মো. রাসেল এবং আবদুর রহিম।

জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এটিএম মহিব উল্ল্যাহ জানান, জমি নিয়ে বিরোধ ও মামলায় সাক্ষ্য দেয়ার জেরে ২০০৯ সালের ২৭ জানুয়ারি রাতে কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের বর্গাচাষী রুহুল আমিনকে একই গ্রামের আবদুর রহিম, আবুল হাসেম ও তার ছেলে নুরনবী এবং আবুদল হক ও তার ছেলে মো. রাসেল লাথি দিয়ে ও পিটিয়ে আহত করে।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।