মানিকগঞ্জে মাদক সেবনে দুই যুবক দণ্ডিত
মানিকগঞ্জে নেশাদ্রব্য হিসেবে স্পিরিট পান করায় দুই যুবককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মর্তূজা এই সাজা দেন।
দণ্ডিতরা হলেন সাটুরিয়া উপজেলার রাইল্যা গ্রামের সেলিম হোসেন (২৬) ও ঘিওর উপজেলার তরা গ্রামের আবদুল আলেক মিয়া (২৫)।
সাটুরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক হোসেন জানান, শুক্রবার রাতে নেশা করতে স্পিরিট সেবন করা অবস্থায় সাটুরিয়ার ধানকোড়া গ্রাম থেকে ওই দুই যুবককে আটক করে পুলিশ।
শনিবার বিকালে তাদের ইউএনও কার্যালয়ে হাজির করা হলে মাদক সেবনের দায়ে প্রত্যেককে ছয় মাস করে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
