রাষ্ট্রপতির সঙ্গে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৃহস্পতিবার বিকেলে উপাচার্য হারুন-অর-রশীদের নেতৃত্বে প্রতিনিধি দলটি বঙ্গভবনে যায়।
তিনি বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।”
সেশন জট কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগ এবং বাংলাদেশের অভ্যূদয়ের ইতিহাস নিয়ে সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক কোর্স চালু করার কথা রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দলটি।
রাষ্ট্রপতি তাদের বলেন, “নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বর্তমানে ২ হাজার কলেজ, ১৫ লাখ শিক্ষার্থী এবং ৬০ হাজার শিক্ষক রয়েছে।
এর আগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য মো. রফিকুল আলম বেগের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল বঙ্গভবনে যায়।
রুয়েটে কোনো সেশন জোট নেই জানিয়ে প্রতিনিধি দলটি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য রুয়েটের চতুর্থ সমাবর্তন নিয়ে আলোচনা করে আবদুল হামিদের সঙ্গে।
প্রতিনিধি দলটিকে প্রযুক্তিগত শিক্ষার মান বাড়ানোর ওপরে গুরুত্ব আরোপের পরামর্শ দেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
