জবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতিসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ১৬ জনকে আসামি মামলা হয়েছে।
কোতয়ালী থানার ডিউটি অফিসার জনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় সমিতির সভাপতি কাজী মোবারক হোসেন বাদি হয়ে কোতয়ালি থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলায় ১৬ জনের নামসহ অজ্ঞাতনামার বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ আনা হয়েছে।
মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের সাবেক ছাত্র জসিম রেজাকে প্রধান আসামি করা হয়েছে।
অপর আসামিরা হলেন- মনোবিজ্ঞান বিভাগের সাবেক ছাত্র সুজাউল ইসলাম বাবু, সাংবাদিকতা বিভাগের ছাত্র মুসা আহমেদ, বাংলা বিভাগের ছাত্র আল আমিন, ইতিহাস বিভাগের গোলাম মাওলা রুমি, সাংবাদিকতা বিভাগের মাহফুজুর রহমান, মিরাজুল ইসলাম, হাসান ইমাম সাগর, নজরুল ইসলাম, জহিরুল ইসলাম রাজ, জুবায়ের আব্দুল্লাহ ও রফিকুল ইসলাম, ইংরেজী বিভাগের রফিকুল ইসলাম, হাসান মাহমুদ ও ইমরুল হাসান বাপ্পী, ইসলামের ইতিহাস বিভাগের সাদ্দাম হোসেনসহ অজ্ঞাতনামারা।
এদিকে হামলার ঘটনা তদন্তে ভারপ্রাপ্ত প্রক্টর নূর মোহাম্মদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও এঘটনায় ছয় মাসের জন্য সাংবাদিক সমিতির সকল প্রকার পৃষ্ঠপোষকতা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার দুপুরে ‘দুই ভুয়া পরিচয়পত্রধারী’ সাংবাদিককে বহিষ্কারের জের ধরে সাংবাদিক সমিতির সভাপতিসহ অন্যান্য সাংবাদিকদের উপর হামলা করা হয়।
