২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরে বন্যার উন্নতি ‘দুই-তিন দিন পর’

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী তিন দিন পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 08:41 PM

Updated : 13 Oct 2022, 12:30 PM

পুরনো খবর:

গাইবান্ধায় ৩৫ বিদ্যালয় বন্ধ, ফসল নিমজ্জিত
কুড়িগ্রামে পানিবাহিত রোগ, ফসল নষ্ট

এরপর পরিস্থিতির উন্নতি হতে পারে বলে কেন্দ্রের সহকারী প্রকৌশলী রিপন কর্মকার আভাস দিয়েছেন।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের পরিস্থিতি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অপরিবর্তিত থাকবে। তবে উত্তর-পূর্বাঞ্চলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।

মঙ্গলবার দেশের ১২টি নদীর পানি ১৯টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে বইছিল। নদীগুলো হচ্ছে তিস্তা, ঘাগট, ব্রক্ষপুত্র, যমুনা, আত্রাই, ধলেশ্বরী, লইক্ষ্যা, পদ্মা, সুরমা, পুরনো সুরমা, কংশ ও মেঘনা। 

রিপন কর্মকার বলেন, “প্রতিবছরই এ সময়ে নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়। এবছর দেশের ভেতরের বৃষ্টিপাত ও ভারত থেকে পানি প্রবেশের কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

“প্রায় সবকটি নদীতে একই সময় পানি বৃদ্ধি পাওয়ায় তা বেরিয়ে যেতে পারছে না, এটিও বন্যা পরিস্থিতির অন্যতম কারণ।”

গত নয় দিন ধরে কুড়িগ্রামের ৫৩ ইউনিয়নের ৩৫৩ বর্গ কিলোমিটার এলাকা বন্যার পানিতে নিমজ্জিত থাকায় খাবার ও পানির সঙ্কটে রয়েছে প্রায় দুই লাখ মানুষ।

কুড়িগ্রাম জেলার ত্রাণ বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, সোমবার পর্যন্ত চার দফায় বন্যাদুর্গত মানুষের জন্য ৫ মেট্রিক টন চাল এবং ১১ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। তা দুর্গত এলাকায় বিতরণও করা হচ্ছে।

বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মুন্সীগঞ্জেও। জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ১৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

মুন্সীগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো রুহুল আমিন বলেন, জেলার তিন উপজেলার প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

অব্যাহত ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে তিস্তা নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নীলফামারীতে।

জেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চেযারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, তার ইউনিয়নের পূর্ব খড়িবাড়ি, পশ্চিম খড়িবাড়ি ও চর খড়িবাড়ি গ্রামের ৭০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

ওই ইউনিয়নে প্রায় ২০ একর আবাদী জমি এরই মধ্যে নদী ভাঙনে বিলীন হয়েছে বলে জানান তিনি।

জলঢাকা উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ জানান, তার ইউনিয়নের গোপাল ঝাড়ের ভারতের চর, গোপাল ঝাড়, তালুক শৌলমারি এলাকার পাঁচটি গ্রামের বিভিন্ন এলাকা হাঁটু থেকে কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা দেড় হাজার।  

চেয়ারম্যান জানান, এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে গোপাল ঝাড়ের ভারতের চর গ্রামের ৬২৩টি পরিবার।

তবে নতুন করে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জে।

জেলার পানি উন্নয়ন বোর্ডর নির্বাহী প্রকৌশলী সাঈদ আহমদ বলেন, বৃষ্টিপাত না হলে ২-৩দিনের মধ্যে সুরমা নদীর পানি স্বাভাবিক অবস্থায় চলে আসবে।