২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে পানিবাহিত রোগ, ফসল নষ্ট

কুড়িগ্রামে বেশ কিছুদিন ধরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগ। এছাড়া নষ্ট হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর জমির ফসল।

আহসান হাবীব নীলু

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 06:30 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

গত ২৪ ঘণ্টায় জেলার ৯টি হাসপাতালে পাঁচজন নিউমোনিয়া ও  ৩৪ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় জরুরি সভা ডেকে কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সকল ছুটি বাতিল করা হয়েছে। ছুটিতে থাকা কর্মকর্তা-কর্মচারীদের অনতিবিলম্বে কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, বন্যা দুর্গত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগ দেখা দিয়েছে। মঙ্গলবার জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩৯ জন ভর্তি হয়েছে।

তিনি বলেন, “পরিস্থিতি মোকাবেলায় গঠন করা হয়েছে ৮৫টি মেডিকেল টিম। মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে এক জরুরি সভা করে স্বাস্থ্য বিভাগের সকল ছুটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।”

একই সঙ্গে যারা ছুটিতে আছেন তাদের ছুটি বাতিল করে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলে জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জানান, চিলমারী পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার সমান্তরালে রয়েছে। তবে ধরলা ও দুধকুমর নদীর পানি প্রতিদিন বাড়ায় বন্যা পরিস্থিতির উন্নতি ঘটছে না।

২৫ হাজার হেক্টর জমির ফসল পানির নীচে

গত ১০ দিন ধরে পানির নীচে ডুবে আছে ২৫ হাজার ২৪৭ হেক্টর জমির ফসল। এক লক্ষাধিক কৃষকের বীজতলা, শাকসবজি, আউশ ও আমন ধানের ক্ষেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

বিঘা প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা খরচ করে লাগানো ধান বন্যায় ভেসে যাওয়ায় কৃষকদের চোখে এখন শুধুই অন্ধকার।

পাঁচগাছির কৃষক মোজাম্মেল, সিরাজুল, দছদ্দি জানান, আমন ধানে বিঘা প্রতি দুই থেকে আড়াই হাজার টাকার পানি সেচ দিতে হয়েছে। কয়েকদিন বৃষ্টির পর দেয়া হয় সার। কেবলই লকলকিয়ে উঠছিল ধানের চারা। হঠাৎ করে আসা বন্যায় সব স্বপ্ন চুরমার হয়ে গেল।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক প্রতীপ কুমার মন্ডল জানান, জেলার ৪৫টি ইউনিয়ন এবং দুটি পৌরসভার ২৫ হাজার ২৪৭ হেক্টর জমির ফসল পানিতে ডুবে আছে। এর মধ্যে ২৪ হাজার ৫০১ হেক্টর রোপা আমন, শাকসবজি ২৯৭ হেক্টর, বীজতলা ৩০৬ হেক্টর এবং পাকা আউশ ধান ১৪৩ হেক্টর। এতে এক লক্ষাধিক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, “এর মধ্যে আট হাজার সাতশ’ হেক্টর বন্যা সহিষ্ণু জাত আছে। আশা করছি এসব ধানের ৮০ শতাংশ টিকে যাবে। বাদবাকি জমি রোপনের জন্য জেলায় প্রায় নয়শ’ হেক্টর বীজতলা তৈরি রয়েছে।

“এছাড়া ব্রি-২৮, নাইজারশাইল, বিনাশাইল, গড়িয়া, গাঞ্জিয়া, সাপাহার, মালশিরা, হলদিজান, ঢেপা জাতের প্রায় ৫১ মেট্রিক টন বীজ কৃষকদের ঘরে আছে। আরো একমাস সময় পাওয়া যাবে আমন ধান চাষের। কাজেই কৃষকদের হতাশ হওয়ার কিছু নেই।”

কুড়িগ্রাম জেলা ত্রাণ বিভাগের কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, “সর্বশেষ দুইশ’ মেট্রিক টন চাল ও সাত লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এ পর্যন্ত  চার দফায় জেলার বন্যা দুর্গত মানুষের জন্য পাঁচশ’ মেট্রিক টন চাল ও ১১ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেল।”

বরাদ্দকৃত চাল ও টাকা পর্যায়ক্রমে বন্যা দুর্গত এলাকায় বিতরণ করা হচ্ছে বলে জানান তিনি।