গাইবান্ধায় ৩৫ বিদ্যালয় বন্ধ, ফসল নিমজ্জিত
বন্যার পানি প্রবেশ করায় গাইবান্ধার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে। পানিতে নিমজ্জিত থাকায় বিভিন্ন উপজেলায় প্রায় দুই হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিরুল ইসলাম বলেন, বন্যার কারণে জেলার ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ করে দিতে হয়েছে।
এছাড়া ফুলছড়ির আঙ্গারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পিপুলিয়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়, সুন্দরগঞ্জের ভাটি বুড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাঘাটার গাড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনের মুখে পড়েছে।
সোমবার রাত থেকে গাইবান্ধায় ঘাঘট, ব্রহ্মপুত্র ও করতোয়ার পানি আবার বাড়তে শুরু করেছে।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল জানান, বর্তমানে ঘাঘট নদী বিপদসীমার ১৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি দুই সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, করতোয়া নদীর পানি বেড়েছে ২৪ সেন্টিমিটার।
তবে তিস্তা নদীর পানি ছয় সেন্টিমিটার কমেছে বলে জানান তিনি।
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দপ্তর জানায়, বন্যা কবলিত এলাকায় চার হাজার তিনশ’ ২৩টি বাড়িঘর সস্পূর্ণরূপে এবং আট হাজার ১২১টি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে গত দুসপ্তাহ থেকে জেলার বন্যা উপদ্রুত সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও গাইবান্ধা সদরের ২৭টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। খাদ্য, বিশুদ্ধ পানি, জ্বালানি ও গো-খাদ্য সংকটে ভুগছেন তারা।
বন্যার্তরা সরকারি ত্রাণের অপ্রতুলতার অভিযোগ করেছেন।
সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর চেয়ারম্যান আব্দুস সামাদ ও কাপাসিয়া ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জু মিয়া জানান, তারাপুরে এক হাজার আটশ’ পরিবার পানিবন্দি থাকলেও সরকারি ত্রাণ পেয়েছে মাত্র একশটি পরিবার। আর কাপাসিয়ার তিন হাজার পানিবন্দি পরিবারের মধ্যে মাত্র ছয়শ’ পরিবার ত্রাণ পেয়েছে।
২ হাজার হেক্টর জমি নিমজ্জিত
গত দু’সপ্তাহের বন্যায় গাইবান্ধার চার উপজেলার এক হাজার ৯২১ হেক্টর আবাদী জমি পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে থাকা রোপা আমন ও আউশ ধান, শাক সবজি ও আমন বীজতলা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।
এর মধ্যে গাইবান্ধা সদরে ১৮ হাজার ৩৭৫ হেক্টর, সুন্দরগঞ্জে ২৭ হাজার হেক্টর, সাঘাটায় ১৪ হাজার ৬২০ হেক্টর, ফুলছড়িতে ৫ হাজার ১৪০ হেক্টর, সাদুল্যাপুরে ১৪ হাজার ৭৬৫ হেক্টর, পলাশবাড়িতে ১৩ হাজার ২৫০ হেক্টর এবং গোবিন্দগঞ্জে ৩০ হাজার ৬০০ হেক্টর।
কিন্তু বন্যায় সদরে ২২৫ হেক্টর, সুন্দরগঞ্জে ৫৮৬ হেক্টর, সাঘাটায় ৭শ হেক্টর এবং ফুলছড়িতে ৪১০ হেক্টর জমি ঘাঘট, ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর পানিতে তলিয়ে গেছে।
এরমধ্যে রয়েছে রোপা আমন ১ হাজার ৬৭০ হেক্টর, আউশ ধান ১শ হেক্টর, আমন বীজতলা ১০৬ হেক্টর এবং শাকসবজি ৪৫ হেক্টর।
আব্দুর রাজ্জাক আরও জানান, পানি নেমে যাওয়ার পর কৃষকরা আগামী আশ্বিন মাস পর্যন্ত সময়ে গাঞ্জিয়া, ব্রি-২৮ ও ব্রি-৩৩ ধান চাষ করে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে।
ইতোমধ্যে অনেক কৃষক পার্শ্ববর্তী উঁচু জমিতে বীজতলা তৈরি শুরু করেছে বলে জানান তিনি।
