২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাকাত সন্দেহে পিটিয়ে ৫ জনকে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ডাকাতির ঘটনার পর পাঁচজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম বুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 01:13 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

সোমবার গভীর রাতে উপজেলার বরমা ইউনিয়নের মধ্যম বাইনজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আটক পাঁচজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জাহাঙ্গীর হোসেন (২৮); বাড়ি আনোয়ারা উপজেলার কর্ণফুলী এলাকায়।

চন্দনাইশ থানার এসআই হুমায়ুন কবির মৃধা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে ১০-১৫ জন ডাকাত মধ্যম বাইনজুড়ি গ্রামে এক প্রবাসীর বাড়িতে লুটপাট চালায়।

“ডাকাতি করে মাইক্রোবাসে করে পালানোর সময় স্থানীয়রা তাদের ঘিরে ফেলে। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও জনতা পাঁচজনকে ধরে পিটুনি দেয়।”

পরে ওই মাইক্রোবাস থেকে কাপড়, গ্রিল কাটার যন্ত্র ও একটি কিরিচ উদ্ধার করা হয় বলে এসআই হুমায়ুন জানান।

আহত পাঁচজনকে প্রথমে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসআই হুমায়ুন জানান, ডাকাতরা ওই প্রবাসীর বাড়ি থেকে এক লাখ ৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।