২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে জলদস্যুর গুলিতে আহত ৭

নোয়াখালীর নিঝুম দ্বীপ এলাকায় বঙ্গোপসাগরে ‘জলদস্যুদের’ গুলিতে সাত জেলে আহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 09:03 PM

Updated : 11 Jul 2022, 09:19 PM

সোমবার সকালে এ হামলার পর কথিত দস্যুরা ১০ জন মাঝিমাল্লাসহ একটি ট্রলার ছিনিয়েও নিয়ে যায়।

বিকালে আহত জেলেদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, নিঝুম দ্বীপের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া এমভি রুনা, এমভি জাহিদ হাসান ও এমভি মায়ের দোয়া নামে তিনটি ট্রলারে সকালে জলদস্যুরা হানা দেয়।

এ সময় দস্যুদের হামলায় অন্তত ১২ জেলে আহত হন, যাদের মধ্যে সাত জন গুলিবিদ্ধ রয়েছেন। গুলিবিদ্ধ সাত জেলেকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এরা হলেন সোনাদিয়া ইউনিয়নের জবিউল হোসেনের ছেলে নুর ইসলাম (৩৫), আকবর হোসেনের ছেলে আফসার উদ্দিন (২৩), বয়ারচরের নুর ইসলামের ছেলে মহিউদ্দিন (৩০), জাহাজমারা ইউনিয়নের আবুল কাশেমের ছেলে শামীম (১৮), মো. মোস্তফার ছেলে মো. ফারুক (৩০), আবুল কালামের ছেলে নুর আলম (৪৪) ও মো. হানিফেরে ছেলে হানান (২৪)।

জলদস্যুরা মাছ, টাকা ও মালামাল লুটপাটের পর ১০ জেলে ও মাঝিমাল্লাসহ একটি ট্রলার ছিনিয়ে নিয়ে যায় বলে জানান এসপি।

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হায়দার জানান, ভর্তি হওয়া সাত জেলের শরীরে বিভিন্ন স্থানে শটগানের বুলেট বিদ্ধ হয়েছে।

নিঝুম দ্বীপ থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে গত কয়েকদিন থেকে কক্সবাজারের চকরিয়ার মান্নান বাহিনী নৌ ডাকতি করছে।