পিরোজপুরে বিধবাকে পিটিয়ে হত্যা
পিরোজপুর পৌর এলাকায় পাওনা টাকা চাওয়ায় এক বিধবাকে পিটিয়ে আহত করার তিন দিন পর তার মৃত্যু হয়েছে।
শুক্রবার খুমুরিয়ায় প্রচণ্ড মারধরে আহত হন স্থানীয় প্রয়াত বাবুল সরদারের স্ত্রী মাকুলী বেগম। সোমবার সকালে খুলনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
মাকুলী বেগমের মেয়ে সুমি বেগম জানান, তার মা একই বাড়ির তরকারী ব্যাবসায়ী হারুনের স্ত্রী আনজিলা বেগমকে কয়েক মাস আগে ৩৫ হাজার টাকা ধার দিয়েছিলেন।
গত শুক্রবার ওই টাকা চাইতে গেলে হারুন, তার স্ত্রী ও একই বাড়ির মহারাজ, কলি বেগমসহ প্রায় ৯-১০ জন ক্রিকেট ব্যাটের স্ট্যাম্প ও সাইকেলের চেইন দিয়ে তাকে পেটায়।
গুরুতর আহত মাকুলিকে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে এবং পরে খুলনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় মাকুলীর মেয়ে সুমি বেগম থানায় মামলা করেন।
পিরোজপুর সদর থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, পুলিশ বাবুল শেখ (৪৫) নামের একজনকে আটক করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষ বলেন, ওই মহিলাকে নির্মমভাবে পেটানোর পর গোপনাঙ্গেও আঘাত করা হয়েছে।
