২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ১ কিলোমিটার বাঁধ বিলীন

তিস্তার ভাঙনে কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধের এক কিলোমিটার বিলীন হয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 06:25 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

গত ৪৮ ঘণ্টায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিলীন হয়েছে প্রায় দেড়শ’ বাড়িঘর।

এ নিয়ে চলতি অগাস্ট মাসে জেলার আট কিলোমিটার বাঁধসহ ৫১ কিলোমিটার কাঁচা রাস্তা, ৬টি সেতু/কালভার্ট, সাতটি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবং তিন হাজার ৫০টি বাড়ি ভাঙনে বিলীন হয়েছে। গৃহহীন হয়েছে দুই হাজার ৩১১ পরিবার।

রাজারহাট উপজলোর বিদ্যানন্দ ইউনিয়নের চেয়ারম্যান তাইজুল ইসলাম বলেন, “তিস্তার করাল গ্রাসে শনিবার রাত থেকে এ পর্যন্ত ডাংরা এলাকায় এক কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। পাশাপাশি গৃহহীন হয়ে পড়েছে ৭৫টি পরিবার।

“প্রবল ভাঙনে পাড়ামৌলা ও মন্দির মৌজা দুটি মানচিত্র থেকে হারাতে বসেছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে নতুন করে পানিবন্দি হয়েছে তিনশ’ পরিবার।”

এদিকে উলিপুর উপজেলায় ব্রহ্মপুত্রের ভাঙনে গৃহহারা হয়ে পড়ছে চর গ্রামগুলোর বাসিন্দারা।

উলিপুরের হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের ভাঙনে চর গুজিমারীতে ১৫ পরিবার ও নয়াডারা গ্রামে ১৩ পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

একই উপজলোর বুড়াবুড়ি ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন চাঁদ বলেন, চর মোহাম্মদপুর, জলন্ধর কুটি ও চর কলাকাটা গ্রামে ৬০টি পরিবার নদী ভাঙনের শিকার হয়ে নিঃস্ব হয়েছে।

কুড়িগ্রাম জেলা ত্রাণ বিভাগের কর্মকর্তা ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, জেলার এ পর্যন্ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজার ৩১১টি পরিবার। বন্যায় দুই হাজার ১৮৯টি এবং নদী ভাঙনে ‍তিন হাজার ছয়টি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়াও কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে ৫১ কিলোমিটার, বাঁধ ৮ কিলোমিটার, সেতু/কালভার্ট ছয়টি এবং সাতটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিন বাড়ছে বলে জানান তিনি।