২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাধবডাঙ্গার অতিথি পাখি

যমুনাপাড়ের গ্রামটির নাম মাধবডাঙ্গা। বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের এ গ্রামে রয়েছে ভুটান সরকারের বাড়ি।

জিয়া শাহীন

বগুড়া প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 04:26 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

শীত প্রধান দেশের পাখি আমাদের দেশে আসে শীতের শুরুতে। পুরো শীত কাটিয়ে আবার চলে যায় নিজ নিজ দেশে।

কিন্তু ভুটান সরকারের বাড়ির পাখিগুলো শীতে নয়, গ্রীষ্মে আসে। কয়েকমাস থাকে। বাসা বানায়, বাচ্চা ফোটায়। শীত আসার আগে আবার চলে যায়। এভাবে চলছে বছরের পর বছর।

তাদের কলকাকলীতে ভোরে গ্রামবাসী ঘুম থেকে জাগে, আবার সন্ধ্যায় ফিরে আসার পর পুরো এলাকা হয়ে ওঠে মুখরিত। কয়েকটি মাস যেন গ্রামের লোকজনের জীবনযাপনেরই অংশ হয়ে যায় তারা।

সরেজমিনে ভুটান সরকারের বাড়ি গিয়ে গ্রীষ্মকালীন এই অতিথি পাখির গল্প শোনেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।

ভুটান সরকার জানান, প্রায় ১৫ বছর আগে চৈত্র মাসের একদিন সরকারবাড়ির পিছনের বাঁশঝাড়ে একঝাঁক পাখি এসে উপস্থিত। হঠাৎ আসা এই পাখিদের শুধু ওই বাড়ির লোকজন নয়, গ্রামের অন্যরাও আনন্দের সঙ্গে গ্রহণ করে। কেউ তাদের বিরক্ত করে না। শিশুদের বিরত রাখে যেন পাখিদের ঢিল না ছোড়ে।

এরপর থেকে এভাবেই আসে আর যায় তারা। বাসা বাঁধে, ডিম পাড়ে আবার আশ্বিন মাসে বাচ্চাদের নিয়ে কোথায় যেন হারিয়ে যায়।

এভাবে প্রতিবছর গ্রীষ্মকালে পাখিরা আসতে থাকে এবং শীত আসার আগে চলে যায়। প্রতিবছরই পাখির সংখ্যা বাড়তে থাকে এবং নতুন জাতের পাখিদের আগমন ঘটতে থাকে। এবার প্রায় ১০ হাজার পাখি এসেছে বলে এলাকাবাসী ও ভুটান সরকার জানিয়েছেন।

আর কদিন পরই ওইসব পাখি তার বাচ্চাকাচ্চা নিয়ে চলে যাবে অন্য এক ঠিকানায়।

ভুটান সরকার আরো জানান, অন্তত ১২ বিঘা জমির উপর তার বাড়ির চারিপাশে বাঁশঝাড়, নিম, বেল, তেঁতুলসহ নানা জাতের গাছে ওইসব পাখির বাসা। এখন প্রায় সব বাসাতেই পাখিদের ছানা। দিনের বেলায় তারা মাধবডাঙ্গা বিলে আহারের সন্ধানে চরে রেড়ায়। সন্ধ্যায় আবার ফিরে আসে এ বাড়িতে।

ভুটান সরকার তার নিজের সাংসারিক কাজের সঙ্গে পাখিদের নিরাপত্তা নিয়েও দিনের কিছু সময় ব্যয় করেন। কোনো শিকারিকে ওইসব পাখির সীমানায় ঘেঁষতে দেন না তিনি। গ্রামের মানুষও এসব পাখিদের নিরাপত্তার ব্যাপারে সচেতন। তাই এ বাড়ি এখন হয়ে উঠেছে পাখিদের অভয়ারণ্য।

তবে, মাঝে মাঝে রাতে সাপ, গুইসাপ, বাগডাশ, নেউলসহ নানা হিংস্র প্রাণী পাখির বাসায় হানা দিলেও তা নগণ্য।

ভুটান সরকার জানান, তার বাড়ির অতিথি পাখির গল্প শুনে অনেক পাখিপ্রেমী মানুষ ভিড় করেন তার বাড়িতে।

তিনি বলেন, “যমুনার ভাঙনে আমার আবাদী জমি নষ্ট হয়ে গেলে যে কষ্ট পাব, তার চেয়ে বেশি কষ্ট পাব যদি বাড়ির গাছ-গাছালি এবং মাধবডাঙ্গা বিলের চিত্র নষ্ট হয়ে যায়। কেননা ওই বিল এবং আমার বাড়ির গাছ-গাছালি হাজার হাজার অতিথি পাখির বাসস্থান ও ছানা ফেটানোর নিরাপদ স্থল।”

বাইশার বিলে শীতকালীন অতিথি পাখিদ সম্পর্কে স্থানীয় প্রকৌশলী আসিফ ইকবাল সনি জানান, “আমরা বাইশার বিলের মতো মাধবডাঙ্গার গ্রীষ্মকালীন পাখিদের নিরাপদ আশ্রয়স্থল সংরক্ষণ করতে চাই। আমাদের হারানো প্রকৃতিকে ফিরে পেতে এসব স্থাপনা নষ্ট হতে দেব না।”