২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রহ্মপুত্রে নৌকায় ‘ডাকাতি’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নাদে একটি নৌকায় ডাকাতির অভিযোগ করেছেন স্থানীয়রা।  

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 05:39 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

শনিবার রাতে উপজেলার এড়েন্ডাবাড়ী ইউনিয়নের বুলবুলিরচর এলাকায় এ ঘটনা ঘটে।

এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল যাত্রীদের বরাত দিয়ে জানান, জামালপরের কয়েকজন গরু ব্যবসায়ী শনিবার বিকালে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি হাটে গরু বিক্রি করেন। পরে রাতে একটি যাত্রীবাহী নৌকা যোগে বাড়ি ফিরছিলেন।  

পথে বুলবুলিরচর এলাকায় অন্য একটি নৌকায় আসা একদল সশস্ত্র ডাকাত তাদের আটকায়। নৌকার অন্য যাত্রীদের সঙ্গে গরু ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা, ৭টি গরু, ১৯টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এড়েন্ডাবাড়ী ইউনিয়নের আলগার চরগ্রামের ইব্রাহিম আলী জানান, হাট থেকে তিনিও ওই নৌকায় বাড়ি ফিরছিলেন। ডাকাতরা তার কাছ থেকে মোবাইল, নগদ পাঁচ হাজার টাকা ও কাঁচাবাজারের ব্যাগ লুট করে নিয়ে যায়। 

ফুলছড়ি থানার ওসি মসিউর রহমান জানান, বিষয়টি তিনি এলাকার বিভিন্ন লোকের কাছে শুনেছেন। তবে কোনো অভিযোগ পাননি।