পদ্মায় পানি বাড়ছে
পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন জানান, রোববার সকালে জেলার ভাগ্যকূল পয়েন্টে পদ্মা বিপদসীমার ৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
শনিবার সকালে বিপদসীমা ছুঁয়ে যাওয়ার পর সন্ধ্যা থেকেই তা বিপদসীমা ছাড়িয়ে গিয়েছিল বলে জানান তিনি।
পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরো জানান, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ২৮ অগাস্ট ভাগ্যকূল পয়েন্টে পানি আরো বেড়ে বিপদসীমার উপর ১১ সেন্টিমিটারে পৌঁছতে পারে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল জানান, পানি ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় শ্রীনগর, লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলার নিম্নাঞ্চলের নতুন নতুন প্লাবিত হচ্ছে।
এ তিন উপজেলায় বহু মানুষ পানিবন্দি হয়ে দুভোর্গ পোহাচ্ছেন। তাছাড়া ভাদ্র মাসে এই বন্যার কারণে তলিয়ে গেছে আগাম ফসলের অনেক জমি।
জেলা প্রশাসক জানান, নিম্নাঞ্চলের মানুষের খোঁজ খবর রাখা হচ্ছে। সংশ্লিষ্ট ইউএনওগণ সার্বিক পরিস্থিতি তদারকি করছেন।
