২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সুসম্পর্কে বাধা তিস্তা’

ভারতের সঙ্গে বাংলাদেশের ‘সুসম্পর্কের’ পথে তিস্তা চুক্তির বিলম্ব অন্যতম বাধা বলে মনে করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মাহবুব হাসান সালেহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কলকাতা প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 12:38 PM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শনিবার কলকাতায় ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

অবজারভার রিসার্চ ফাউন্ডেশনে ওই আলোচনা সভায় ডেপুটি হাই কমিশনার মাহবুল সালেহ বলেন, “তিস্তা চুক্তি নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই।”

২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময়ই ওই চুক্তি হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির মুখে শেষ মুহূর্তে চুক্তি থেকে পিছিয়ে যায় নয়া দিল্লি।

মাহবুব সালেহ বলেন, “তিস্তার পানি বণ্টন চুক্তি না হওয়ার কারণেই চট্টগ্রাম ও মংলা বন্দরে ভারতকে পণ্য বহনের প্রবেশাধিকার দিতে পারছে না বাংলাদেশ।”

তিস্তার কারণে ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষেরও মনোভাব পরিবর্তিত আসছে জানিয়ে তিনি বলেন, এই চুক্তিতে দীর্ঘ সময় কেটে যাওয়ায় বাংলাদেশের মানুষ অধৈর্য হয়ে পড়ছে। অনেকের মনে ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে।

“এমনকি যারা বাংলাদেশ-ভারতের সম্পর্ক নিয়ে অতিরিক্ত আশাবাদি তাদের মনেও তিস্তা চুক্তির ব্যাপারে নয়া দিল্লির সদিচ্ছা নিয়ে যথেষ্ট সন্দেহ তৈরি করছে।”

একই দিন ঢাকায় ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি কে সিং দেখা করতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে তাগিদ দেন।

ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে বাংলাদেশের আরো পানি দরকার। তাই যত দ্রুত সম্ভব তিস্তার পানি বণ্টন চুক্তি করা উচিত।

ডেপুটি হাইকমিশনার মাহবুব সালেহর মতে, আন্তর্জাতিক চুক্তি করার জন্য নয়া দিল্লিকে কোনো রাজ্যের অভিমত নেয়ার দরকার নেই। আর এটা একান্তই তাদের অভ্যন্তরীণ বিষয়।

দুই বন্দরে ভারতের প্রবেশাধিকার পাওয়ার সুযোগের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে অল্প বিনিয়োগেই ভারত অধিক লাভবান হতে পারতো। বিশাল ভূখণ্ডের মালিক ভারতের উচিত তাদের প্রতিবেশীর ভালোমন্দ বিবেচনার পাশাপাশি আস্থাভাজন হওয়া।

বক্তব্যের এক পর্যায়ে চীন ও জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদহারণ টেনে একইরকম বন্ধন তৈরির বিষয়ে গুরুত্বারোপ করেন মাহবুব সালেহ।

“ভেবে দেখুন, আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাত্রাটা কেমন হওয়া উচিত, আর এখন কেমন আছে। তবে এই সম্পর্ককে অর্থপূর্ণ করা সম্ভব।”

তিস্তা চুক্তি দ্রুত করুন: প্রধানমন্ত্রী

তিস্তার পথে নতুন ‘কাঁটা’

‘ভোটের আগে তিস্তা নয়’