২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মিষ্টি নয়, চারা বিনিময় করবে বিএসএফ-বিজিবি

স্বাধীনতা  দিবস উদযাপনে এবার শুধু বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবির সঙ্গে মিষ্টি নয়, গাছের চারা বিনিময় করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 10:30 PM

Updated : 25 Apr 2022, 04:34 PM

‘লিমকা বুক অব রেকর্ডসে’ জায়গা করে নিতে বিএসএফ এবার বাংলাদেশ ও পাকিস্তানের সীমান্তজুড়ে এক লাখ ৮০ হাজার গাছের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা আইএএনএস।

বিএসএফের উপ-মহাপরিদর্শক ভাস্কর রাওয়াত আইএএনএসকে বলেন, মঙ্গলবার বিএসএফের ১০ হাজার ৫০০ সদস্য সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত- ৩০ মিনিট ধরে পাকিস্তান ও বাংলাদেশের সীমানাজুড়ে এসব চারা রোপন করবেন।

“রেকর্ড সময়ের মধ্যে এই বিশাল কাজটি সমাপ্ত করে আমরা লিমকা বুক অব রেকর্ডসে প্রবেশের চেষ্টা করছি।”

চীনসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের ১৫ হাজার ১০৬ কিমি স্থল সীমানা আছে।  বাংলাদেশের সঙ্গে  চার হাজার ৯৬ কিমি ও পাকিস্তানের সঙ্গে তিন হাজার ৩২৩ কিমি সীমানা জুড়ে বিএসএফের টহল রয়েছে।

রাওয়াত বলেন, “প্রতিটি সীমানা চৌকিতে (বিওপি) কমপক্ষে ৫০টি চারা, বিএসএফের মাঝারি আকারের প্রতিটি ক্যাম্পাসে ১০০টি ও ফ্রন্টিয়ার ও সেক্টর সদর দপ্তরে ৫০০ চারা রোপন করা হবে।

 তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও অন্যান্য প্রতিবেশমূলক বিপর্যয়ের কারণে সৃষ্ট পরিবেশগত প্রতিক্রিয়া বিবেচনা করে বিএসএফের প্রধান দেবেন্দ্র কুমার পাঠকের অনুরোধে এই বৃক্ষরোপনের এই অভিযান হাতে নেওয়া হয়েছে।

“মিষ্টির পরিবর্তে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নিজেদের টহল সীমানায় সবুজায়নের জন্য চারাও বিনিমিয় করবে।”

সাধারণত, বিএসএফ ও বিজিবি দু’দেশের জাতীয় দিনে মিষ্টি বিতরণ করে থাকে।

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কথা বিবেচনা করে ২০১১ সালের ১৫ অগাস্টে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করে বিএসএফ। এ যাবত এককোটির বেশি চারা রোপন করা হয়েছে বাংলাদেশের সীমানাজুড়ে।