২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুরমায় নৌকাবাইচ

সিলেটের সুরমা নদীতে রোববার অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 06:46 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

বিকালে বাহারি নৌকা, রং বেরংয়ের পোশাক, বাদ্যযন্ত্র, নাচ-গান আর মাঝি মাল্লাদের সরব উপস্থিতিতে সুরমার দুতীর হয়ে ওঠে উৎসবমুখর।

বৃষ্টি উপক্ষো করে নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে ছিল হাজারো মানুষের ঢল।

সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ও বাংলাদেশ রোইং ফেডারেশনের তত্ত্বাবধানে বাংলালিংক সপ্তম সিলেট বিভাগীয় নৌকাবাইচের আয়োজন করে। ২০০৮ সাল থেকে সুরমা নদীতে এ আয়োজন হয়ে আসছে।

এবারের প্রতিযোগিতায় মোট ২০টি নৌকা অংশ নেয়।

বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.মনিরুল আলম বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে ও দেশময় বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ছড়িয়ে দিতেই এমন আয়োজন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আবহমান বাংলার ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা অব্যাহত রাখা ও বাংলার প্রাণের এ প্রতিযোগিতা দেশময় ছড়িয়ে দেয়ার আহবান জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, রোইং ফেডারেশনের সহ-সভাপতি খুরশেদ আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম, সাবেক সংসদ সদস্য জেবুন্নেচ্ছা হক, সিলেটের বিভাগীয় কমিশনার সাজ্জাদুল হাসান প্রমুখ।

প্রতিযোগিতায় তিনটি গ্রুপের মধ্যে এ গ্রুপে প্রথম হয় এখলাছুর রহমানের, দ্বিতীয় রমিজ উদ্দিনের ও তৃতীয় হয় বখতিয়ার হোসেনের নৌকা।

বি গ্রুপে সাইদুর রহমান প্রথম, আমির আলী দ্বিতীয় ও আতাউর রহমানের নৌকা তৃতীয় স্থান লাভ করেছে।

সি গ্রুপে বদর আলীর নৌকা প্রথম, আব্দুস সালামের নৌকা দ্বিতীয় ও সুলেমান আলীর নৌকা তৃতীয় হয়েছে।