বিদেশি কূটনীতিকদের জন্য ফরেন সার্ভিস একাডেমির প্রশিক্ষণ
প্রতিবেশি দেশগুলোর কূটনীতিকদের জন্য আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি বিষয়ে দুই সপ্তাহব্যাপী একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ রোববার থেকে শুরু হচ্ছে।
শনিবার সংস্থাটি এক বিজ্ঞপ্তিতে জানায়, কোর্স ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠেয় এই প্রশিক্ষণ কর্মসূচিতে আফগানিস্তান, ভূটান, মালদ্বীপ, মায়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা এবং বাংলাদেশসহ আটটি দেশের মোট ১৪ জন নবীন কূটনীতিক অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণে চলমান পররাষ্ট্রনীতি সম্পর্কিত বিষয়াবলী ছাড়াও এ অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়ন অগ্রাধিকারসমূহের বিষয়ে সেশন অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণার্থীদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক স্থান, যাদুঘর, এবং আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন প্রতিষ্ঠানসমূহও পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে।
ফরেন সার্ভিস একাডেমি নিয়মিতভাবে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র বিষয়ক) ক্যাডারের কর্মকর্তাদের জন্য বিশেষায়িত কূটনৈতিক প্রশিক্ষণের আয়োজন করে থাকে।
এবছরই প্রথম বিদেশিদের জন্য এ ধরনের বিশেষ আন্তর্জাতিক প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
